খাবারের স্বাদ ও গন্ধ বৃদ্ধিতে জিরা অতুলনীয়। কিছুটা ঝাঁঝালো স্বাদ হলেও এর স্বাস্থ্যগুণ অনেক। জিরার পানি স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। বিশেষ করে ওজন কমাতে এ পানি বেশ সাহায্য করে।
এ ছাড়া এটি ক্যান্সার প্রতিরোধ, অনিদ্রা ও রক্তস্বল্পতা দূরীকরণ, হজম ক্ষমতা বৃদ্ধি, কোষ্ঠকাঠিন্য দূর এবং গলা ব্যথা দূর করতে সহায়তা করে।
একই সঙ্গে ডায়াবেটিস, টিউমার এবং মাইক্রোবিয়াল ইনফেকশন প্রতিরোধ করে থাকে জিরা।
প্রাচীনকালে অনেক রোগের চিকিৎসা হিসেবে এই পানি পানের পরামর্শ দেওয়া হতো। পানি ১০ মিনিট ফুটতে দিন, তারপর এতে জিরা দিয়ে দিন। জিরা দিয়ে আবার ১০ মিনিট ফুটিয়ে নিন। ঠাণ্ডা করে এটি পান করুন। আসুন তাহলে জেনে নেওয়া যাক এই জিরা পানির স্বাস্থ্যগুণ।
ওজন হ্রাস করে
জিরা মেটাবলিজম বৃদ্ধি করে খাবারের রুচি হ্রাস করে থাকে। শুধু তাই নয়; এটি রক্তে বিষাক্ত পদার্থ দূর করে। নিয়মিত জিরা পানি পানে ওজন কমাতে সাহায্য করে।
ক্যান্সার প্রতিরোধ করে
ব্রেস্ট ক্যান্সার, লিভার ক্যান্সার, পাকস্থলী ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে জিরা পানি। Cancer Research Laboratory of Hilton Head Island, South Carolina, USA-এর মতে, জিরার উপাদানসমূহ ক্যান্সার প্রতিরোধ করে থাকে। প্রতিদিনের রান্নায় কিছু পরিমাণে জিরা মিশিয়ে নিন।
অনিদ্রা দূর করে
আপনি কি অনিদ্রা সমস্যায় ভুগছেন? তবে জিরা হতে পারে এর সমাধান। জিরা গুঁড়ো এবং একটি কলা মিশিয়ে নিন। এটি নিয়মিত রাতে খান। এটি ভালো ঘুমাতে সাহায্য করবে।
রক্তস্বল্পতা দূর করে
জিরাতে প্রচুর পরিমাণে আয়রন আছে, যা রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে। শরীরের জন্য জরুরি অন্যতম মিনারেল আয়রন রক্তে হিমোগ্লোবিন তৈরি করে যা অক্সিজেন পরিবহন করতে সাহায্য করে। নিয়মিত জিরা পানি পান রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে।
হজম ক্ষমতা বাড়ায়
জিরার থাইমল এবং অন্যান্য উপাদান খাবার হজম করার শক্তি বৃদ্ধি করে থাকে। এটি পাচনশক্তি বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা পালন করে। এক চা চামচ জিরা এক গ্লাস পানিতে জ্বাল দিন। বাদামি রং হয়ে আসলে চুলা বন্ধ করে দিন। ঠাণ্ডা হয়ে গেলে এটি পান করুন। এটি দিনে তিনবার পান করুন। এটা পেট ব্যথা কমাতে সাহায্য করে এবং হজমশক্তি বৃদ্ধি করবে।
কোষ্ঠকাঠিন্য দূর করে
কিছু পরিমাণে জিরা ভেজে গুঁড়ো করে নিন। এবার এটি পানি অথবা মধুর সঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে পান করুন। এ ছাড়া জিরার চা পান করতে পারেন। এমনকি জিরা পানিও আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে দেবে।
গলা ব্যথা দূর করে
গলা ব্যথা কমাতে জিরা পানি সাহায্য করতে পারে। কিছু পরিমাণে জিরা পানিতে ফুটিয়ে নিন। এবার এটি দিয়ে কিছুক্ষণ কুলিকুচি করুন। এটি আপনার গলা ব্যথা কমাতে সাহায্য করবে।