সেবা ডেস্ক:
২০১৬-২০১৭ অর্থ বছরের বাজেটে জুয়েলারি খাতে বর্তমানে আরোপিত মোট বিক্রয়ের ওপর ৫ শতাংশের জায়গায় ১.৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) নির্ধারণ না করলে আগামী ৪ জুন থেকে দেশের জুয়েলারি দোকানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধের হুমকি দিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি কাজী সিরাজুল ইসলাম এ হুমকি দেন।
সিরাজুল ইসলাম বলেন, ‘জুয়েলারি ব্যবসায়ীরা সরকারের কোনো পদক্ষেপের বিরুদ্ধে নয়। তবে তা সহনীয় হতে হবে। এ খাতের ব্যবসায়ীরা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। অথচ জুয়েলারির ওপর ৫ শতাংশ ভ্যাট আরোপ করায় শুধু ঢাকা শহরের ৪০টি জুয়েলারি দোকান বন্ধ হয়ে গেছে। ব্যবসায়ীরা এখন দূর্বিসহ জীবনযাপন করছে।`
সংবাদ সম্মেলনে তিনি জুয়েলারি খাতে বর্তমানে আরোপিত মোট বিক্রয়ের ওপর ৫ শতাংশের জায়গায় ১.৫ শতাংশ মূসক নির্ধারণ করার জন্য প্রধামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে নিম্নলিখিত কর্মসূচি ঘোষণা করেন- আগামী ৪ জুন থেকে দেশের জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। ৫ জুন কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে জাতীয় প্রেসক্লাবসহ দেশের ইউএনও ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানবন্ধন কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক এনামুল হক খান, সাবেক সভাপতি এম এ ওয়াদুদ খান, সিনিয়র সহ-সভাপতি জি সি মালাকার প্রমুখ।