
সেবা ডেস্ক:
পৌরসভা নির্বাচনের তৃতীয় ধাপে নয় পৌরসভায় ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, চলবে বিকাল ৪টা পর্যন্ত। স্থানীয় সরকারের এই নির্বাচনে এবার মেয়র পদে ভোট হচ্ছে দলীয় প্রতীকে।
তৃতীয় ধাপের এ নির্বাচনে নরসিংদী জেলার ঘোড়াশাল ও রায়পুরা, লক্ষ্মীপুরের লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, নোয়াখালীর নোয়াখালী ও সেনবাগ, ফেনীর ছাগলনাইয়া, কক্সবাজারের টেকনাফ ও খাগড়াছড়ির রামগড় পৌরসভায় ভোটগ্রহণ চলছে।
সব মিলিয়ে ৯ পৌরসভায় মেয়র পদে দলীয় ২১ জন ও স্বতন্ত্র ৬ জন ও সাধারণ সদস্য পদে ৩১৬ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ১৩৩টি ভোটকেন্দ্রে মোট ৩ লাখ ১৩ হাজার ৬৫১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এসব নির্বাচনী এলাকায় পুলিশের পাশাপাশি র্যাবের ৩৮টি দল ও ১২ প্লাটুন বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে। সেইসঙ্গে রয়েছেন নির্বাহী ও বিচারিক হাকিমরা।
পৌর নির্বাচনের প্রথম পর্বে গত ৩০ ডিসেম্বর ২২৭টি পৌরসভায় ভোট হয়। তাতে আওয়ামী লীগ ১৭৭টি ও বিএনপি ২২টিতে মেয়র পদে জয় পেয়েছে। জাতীয় পার্টির একজন মেয়র হয়েছেন। এছাড়া ২৬ জন স্বতন্ত্র প্রার্থী মেয়র হন, যার ১৮ জনই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।
দ্বিতীয় পর্বে গত ২১ মার্চ ভোটে ১০ পৌরসভার সবকটিতে জয় পান ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা।