বিজেপির উত্থান, কংগ্রেসের পতন

Seba Hot News
bipসেবা ডেস্ক: 
স্বাধীন ভারতে সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে ধীরে ধীরে স্থান করে নিচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিভিন্ন রাজ্যের বিধানসভায় ভালো অবস্থানে উঠে আসছে দলটি। বিপরীতে ধারাবাহিক পতনের মুখে রয়েছে ভারতের সবেচেয়ে পুরোনো রাজনৈতিক দল কংগ্রেস।স্বাধীন ভারতে অর্ধশতাব্দীর বেশি সময় সরকার পরিচালনা করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। ২০১৩ সালের সাধারণ নির্বাচনে চরম ভরাডুবি হয় দলটির। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। এক সময় অধিকাংশ রাজ্যের বিধানসভা কংগ্রেসের নিয়ন্ত্রণে থাকলেও এখন মাত্র ছয়টি রাজ্যে তাদের সরকার টিকে আছে।
উল্টো দিকে রাজ্য থেকে রাজ্যে জয়ের ধারায় এগিয়ে যাচ্ছে বিজেপি। নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকার গঠনের পর যেসব রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে, তার মধ্যে এমন সব রাজ্যে বিজেপি সরকার গঠন করেছে, যেখানে আগে কখনো তারা ক্ষমতায় যেতে পারেনি। হরিয়ানা, জম্মু ও কাশ্মীর এর মধ্যে উল্লেখযোগ্য। এই ধারায় সবশেষ যোগ হলো বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য আসাম। কংগ্রেস থেকে নির্বাচিত টানা তিন বারের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এবার দলবলশুদ্ধ ‘গো হারা হেরেছেন’।
আসামে বিজেপি চমক সৃষ্টি করে বিধানসভা দখল করেছে। ব্রাহ্মপুত্রের তীরবর্তী আসামে বৃহস্পতিবার উড়েছে পদ্মফুলখচিত বিজেপির পতাকা। এ রাজ্যের ১২৬টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন জোট পেয়েছে ৮৭টি, যা বলতে গেলে অবিশ্বাস্য। আসাম গণপরিষদ এবং বোড়োল্যান্ড পিপলস ফ্রন্টের সঙ্গে জোট বেঁধে নির্বাচন করে বিজেপি।
২০১১ সালে আসামের বিধানসভা নির্বাচনে বিজেপি ১২০ আসনে লড়ে পেয়েছিল মাত্র পাঁচটি আসন। ভোট পেয়েছিল ১১ দশমিক ৪৭ শতাংশ। এবার জোটের সঙ্গে ভাগভাগি করে ৮৭টি আসনে প্রার্থী দেয় বিজেপি। জিতেছে ৬১টি আসেন। ভোট পাওয়ার হার বেড়েছে প্রায় তিন গুণ। ২৯ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছে বিজেপি। আসন পাওয়ার হার বেড়েছে ৭০ দশমিক ১১ শতাংশ।
পশ্চিমবঙ্গেও ভালো করেছে বিজেপি। ২০১১ সালে কোনো আসনে জয় না পেলেও এবার ১০ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে তিনটি আসনে জিতেছে দলটি। আগের বার পেয়েছিল ৪ দশমিক শূন্য ৪ শতাংশ ভোট। কয়েক দশক পর পশ্চিমবঙ্গের বিধানসভায় ফিরতে সক্ষম হয়েছে বিজেপি।
কেরালায় বিজেপির উত্থান চোখে পড়ার মতো। এর আগে কখনো এ রাজ্যে কোনো আসন পায়নি দলটি। কেরালায় বিজেপির বিদগ্ধ রাজনীতিক ‘ও রাজাগোপাল’ এর আগে বারবার পদ্ম প্রতীক নিয়ে নির্বাচন করে হেরে গেলেও এবার তিনি জয় ছিনিয়ে নিয়েছেন। এর মধ্য দিয়ে কেরালায় বিজেপির যাত্রা শুরু হলো।
কেরালায় এবার ১০৩ আসনে প্রার্থী দিয়ে একটিতে বিজয়ী হলেও ভোট প্রাপ্তির শতকরা হার আগের বারের চেয়ে প্রায় দ্বিগুণ বেড়েছে। গত বছর ৬ দশমিক শূন্য তিন শতাংশ ভোট পেলেও এবার পেয়েছে ১০ দশমিক ৬ শতাংশ।
পডুচেরি এবং তামিলনাড়ুতে কখনো হালে পানি পায়নি বিজেপি। কিন্তু এ দুই রাজ্যে ভোট পাওয়ার হার এবার বেড়েছে। ২০১১ সালে পডুচেরিতে ১ দশমিক ৩২ শতাংশ ভোট পায় দলটি, সেখানে এবার পেয়েছে ২ দশমিক ৪ শতাংশ ভোট।
তামিলনাড়ুতে ২০১১ সালে ২০৪ আসনে লড়ে বিজেপি পায় ২ দশমিক ২২ শতাংশ ভোট। সেখানে এবার ১৬৩ আসনে লড়ে পেয়েছে ২ দশমিক ৮ শতাংশ ভোট।
পডুচেরি ও তামিলনাড়ুতে বিজেপি কোনো আসনে জয় না পেলেও বৃহস্পতিবার ছিল বিজেপির উৎসবের দিন। আসামে তাদের উত্থানে কংগ্রেসের ভীত এবার সত্যিই নড়ে উঠেছে। কংগ্রেসের দীর্ঘদিনের পুরোনো দুর্গ ভেঙে চুরমার করে দিয়েছে বিজেপি। তবে কংগ্রেস পশ্চিমবঙ্গে কিছুটা ভালো করেছে। গতবার ৪২টি আসন পেলেও এবার পেয়েছে ৪৪টি। আর সিপিএমকে পেছনে ফেলে এ রাজ্যে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে তারা। তবে এতে সর্বভারতীয় কংগ্রেসের মুখ রক্ষা হয় না।
আসমে জয়ের পর প্রধামন্ত্রী মোদি দলীয় নেতা-কর্মী ও ভোটারদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দিয়েছেন। আর কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী হারের কারণ খুঁজতে উদ্যোগী হয়েছেন। নতুন করে দল গোছানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান