সেবা ডেস্ক: প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা বিশ্বের ১৭১টি দেশের মধ্যে বাংলাদেশ পঞ্চম স্থানে রয়েছে। গত বৃহস্পতিবার প্রকাশিত বিশ্ব ঝুঁকি সূচকে (ওয়ার্ল্ড রিস্ক ইনডেক্স) এ তথ্য জানা গেছে।
জাতিসংঘের ইউনিভার্সিটি ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান সিকিউরিটি (ইউএনইউ-ইএইচএস) এবং বান্দনিস এনটুইকলাং হিলফট বৃহস্পতিবার ওয়ার্ল্ড রিস্ক রিপোর্ট-২০১৬ প্রতিবেদন প্রকাশ করে।
ঝুঁকি সূচক এরই একটি অংশ। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে রয়েছে ঘূর্ণিঝড়, খরা, ভূমিকম্প, বন্যা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি।
সূচক অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা দেশগুলোর শীর্ষে রয়েছে দ্বীপরাষ্ট্র ভানুয়াতু। এর পরের দেশগুলো হচ্ছে টঙ্গো, ফিলিপাইন, গুয়াতেমালা ও বাংলাদেশ। সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ দেশগুলো হচ্ছে কাতার, মাল্টা, সৌদি আরব, বার্বাডোজ ও গ্রানাডা।
বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারত ৭৭ এবং পাকিস্তানের অবস্থান ৭২তম। ঝুঁকিপূর্ণ শীর্ষ ১৫টি দেশের ১০টিই হচ্ছে আফ্রিকা মহাদেশের। ২০১১ সাল থেকে বিশ্ব ঝুঁকি সূচক প্রকাশিত হচ্ছে।