সেবা ডেস্ক: রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে বিশ্ব বিপদে পড়বে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান জেইদ রাদ আল হুসেইন।
সংখ্যালঘুসহ অসহায় জনগোষ্ঠী নিয়ে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি এবং জিজ্ঞাসাবাদে নির্যাতনের অনুমতির (আন্তর্জাতিক আইনে যা নিষিদ্ধ) যে কথা ট্রাম্প বলেছেন তা ‘খুবই গোলমেলে ও বিরক্তিকর’ বলে মনে করেন তিনি।
বুধবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জেইদ বলেন, “এরই মধ্যে ট্রাম্প যা বলেছেন তার ভিত্তিতে যদি তিনি নির্বাচিত হন এবং সেগুলো পরিবর্তন না করেন, তাহলে নিঃসন্দেহে তিনি আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে বিপজ্জনক হবেন বলে আমি মনে করি। “যখন নির্যাতন বাড়ানো হবে বা দেশের শোষিত সম্প্রদায়কে তারা যা পাচ্ছে সেটিই বেশি বলে বোঝানো হবে- এমন কথা বলা হয় এবং এর ভিত্তিতে নির্বাচনে জয় আসে, তাহলে আমার মনে হয় যা বলেছি তা ঠিকই বলেছি।”
বিবিসি বলছে, ‘নির্যাতনে কাজ হয়’ বলে নির্বাচনী প্রচারে বলেছেন ট্রাম্প এবং জিজ্ঞাসাবাদে ‘পানিতে মুখ ডুবিয়ে নির্যাতনের (ওয়াটারবোর্ডিং) চেয়েও ভয়ঙ্কর ব্যবস্থা ফিরিয়ে আনার’ প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সন্দেহভাজন জঙ্গিদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে ‘ওয়াটারবোর্ডিং’সহ আর বেশ কিছু নিষ্ঠুর কৌশল প্রয়োগ করত মার্কিন বাহিনী, যা ওবামা প্রশাসন নিষিদ্ধ করে। গত জুনে এক নির্বাচনী সমাবেশে ওয়াটারবোর্ডিং নিয়ে ট্রাম্প বলেছিলেন, “এটি আমি খুবই পছন্দ করি। আমার মনে হয় না এটাই যথেষ্ট।” মুসলিম ও অভিবাসী বিশেষ করে মেক্সিকো থেকে আগতদের সম্পর্কে তার মন্তব্যের কঠোর সমালোচনা করেন মানবাধিকারকর্মীরা। ট্রাম্পের বিদ্বেষপূর্ণ মন্তব্য থেকে জাতিসংঘও রক্ষা পায়নি। মার্চে জাতিসংঘ সম্পর্কে ট্রাম্প বলেছিলেন, “জাতিসংঘ গণতন্ত্রের বন্ধু নয়। এমনকি এটা যুক্তরাষ্ট্রেরও বন্ধু নয়, যেখানে এটার ঘর বলে আমরা সবাই জানি।” জাতিসংঘে যুক্তরাষ্ট্রের অর্থ দেওয়ারও সমালোচনা করেছেন নিউ ইয়র্কের এই বিলিওনিয়ার। এপ্রিলে তিনি বলেন, “আপনি কি কোথাও কখনও জাতিসংঘের ভূমিকা দেখেছেন? তারা কি কখনও কিছুর সমাধান করতে পেরেছে। এটা শুধু একটা রাজনৈতিক খেলার মতো। জাতিসংঘ- আমরা জাতিসংঘে যে অর্থ ব্যয় করছি তা বোঝাতে চাইছি।”
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলেন, বিশেষ কোনো দেশের কোনো রাজনৈতিক প্রচারে তিনি হস্তক্ষেপ করতে আগ্রহী নন বা তা তার উদ্দেশ্য নয়। তবে কোনো নির্বাচনের ফলশ্রুতিতে যদি নির্যাতন বাড়ে বা অসহায় জনগোষ্ঠীকে এমনভাবে দেখা হয়, যাতে তারা মানবাধিকার বঞ্চিত হতে পারেন, সেক্ষেত্রে তাকে কথা বলতে হবে।