সেবা ডেস্ক: বিসিএস টেলিকম ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী মাহফুজ উদ্দিন আহমদ বিটিসিএলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণ করেছেন।
টেলিকম সেক্টরে তার দীর্ঘ ৩৬ বছরের অভিজ্ঞতা বিবেচনায় সরকার গত মঙ্গলবার দুই বছর মেয়াদের জন্য তাকে বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেয়।
মাহফুজ উদ্দিন আহমদ ১৯৫৬ সালের ১৩ জুলাই যশোর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান।
তিনি ১৯৭৮ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী লাভ করেন। তিনি বিসিএস (টেলিকম) ক্যাডারের সদস্য হিসেবে ১৯৭৯ সালে সহকারী বিভাগীয় প্রকৌশলী হিসেবে সরকারি চাকুরীতে যোগদান করেন। পরবর্তীতে ১৯৮৭ সালে বিভাগীয় প্রকৌশলী, ২০০০ সালে পরিচালক, ২০১০ সালে প্রধান কর্মাধ্যক্ষ, ২০১৪ সালে বিটিসিএলের সদস্য পদে কর্মরত ছিলেন। পরে ২০১৪ সালে ও ২০১৫ সালে ৯ জুলাই পর্যন্ত বিটিসিএলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। -বাসস।