এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ চত্তরে ১৮ নভেম্বর শুক্রবার বিকেলে বন্যহাতির আক্রমনে ক্ষতিগ্রস্ত ১৬টি পরিবারের মাঝে ৯ ফুট ২ বান্ডেল করে ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে এসব সামগ্রী বিতরন অনুষ্ঠানের আয়োজন করে।উপজেলার কাংশা উইনিয়নের গান্ধিগাও, বাকাকুড়া, পানবর ও তাওয়াকুচা গ্রামের ১৬টি পরিবারের মাঝে এ অনুদান প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার একেএম ফজলুল হক। প্রধান অতিথি জানান, ব্যক্তিগত প্রচেষ্টায় ১শত ভিজিডি কার্ড ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হবে। যাদের ফসলের ক্ষতি সাধিত হয়েছে, তাদেরকেও ভর্তুকী প্রদানের ব্যবস্থা করা হচ্ছে। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা, ওসি মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, আ’লীগ নেতা মহিউদ্দিন বাবুল মোল্লা, বেলায়েত হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার উল্লাহ, উপজেলা যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আবু তাহের, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা মহিলা আ’লীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সুত্র জানায়, বন্যহাতির আক্রমনে মৃত ব্যক্তির পরিবারকে ১ লাখ টাকার পরিবর্তে ৮ লাখ টাকা এবং আহতদের ১০ হাজার টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা অনুদান প্রদানের প্রস্তাব মন্ত্রনালয়ে পাঠিয়েছেন বলেও জানান।
উল্লেখ্য, গত ২ মাসে সীমান্ত এলাকায় বন্যহাতির আক্রমনে ১০ ব্যক্তি প্রাণ হারান। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এ অনুদান পেয়ে স্থানীয় প্রশাসন, সংসদ সদস্য ও বর্তমান সরকারের প্রধান জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
