নানান স্বাদের শীতের পিঠা

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  শীতের হাওয়া বইতে শুরু করেছে। এই ঋতুতে ঘরে ঘরে পিঠার বানানো ধুম পড়ে যায়। চলুন জেনে নেয়া যাক কয়েকটি সুস্বাদু পিঠার রেসিপি।
 
ভাপা পিঠা
উপকরণ: সিদ্ধ চালের গুঁড়া আধা কেজি, আতপ চালের গুঁড়া আধা কেজি, পাটালি গুড় ৫০০ গ্রাম, নারিকেল কোড়ানো ২টি, লবণ পরিমাণমতো, তরল দুধ পরিমাণমতো (চালের গুঁড়া মাখানোর জন্য), পাতলা কাপড়ের টুকরো, পিঠার জন্য বাটি।
 
প্রণালি: চালের গুঁড়া, লবণ ও কুসুম গরম দুধ একসঙ্গে মাখাতে হবে ঝুরঝুরা করে। এবার বাঁশের চালনিতে চেলে নিন। এবার বাটিতে চালের গুঁড়া দিয়ে গর্ত করে দুধ ও নারিকেল কোড়ানো দিয়ে উপরে চালের গুঁড়া দিয়ে ঢেকে দিন। এবার পাতলা কাপড় ভিজিয়ে পিঠা ঢেকে দিয়ে বাটির নিচ পর্যন্ত কাপড় ধরে উল্টে দিয়ে ফুটন্ত পানির ওপর ছিদ্র করা ঢাকানার উপর বসিয়ে বাটি উঠিয়ে নিন। এবার কাপড় দিয়ে ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে দিন। ৭/৮ মিনিট পর পিঠা উঠিয়ে গরম গরম পরিবেশন করুন।
 
দুধ চিতই
উপকরণ: আতপ চালের গুঁড়া ২ কাপ, সিদ্ধ চালের গুঁড়া ২ কাপ, লবণ পরিমাণমতো, কুসুম গরম পানি পরিমাণমতো, তরল দুধ ৩ লিটার, পাটালি গুড় ২ কাপ (গুঁড়া করা), চিনি আধা কাপ, এলাচ ৩টি, দারুচিনি ৩ টুকরো, নারিকেল কোড়ানো ১ কাপ, পানি ১ কাপ।
 
প্রণালি: আধা কাপ চালের গুঁড়া ১ কাপ পানি দিয়ে ফুটিয়ে নরম কাই করে নিন। এবার ওই কাই ঠাণ্ডা করে বাকি চরলের গুঁড়া, লবণ ও পরিমাণমতো পানি দিয়ে গোলা তৈরি করে ২ ঘণ্টা ঢেকে রাখুন। এবার পিঠার খোলায় সামান্য তেল মুছে নিন। তারপর ডালের চামচের ১ চামচ গোলা নিয়ে খোলায় দিন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে সাইডে সামান্য পানির ছিটা দিন। ৪/৫ মিনিট পর পিঠা তুলে নিন। সব পিঠা তৈরি শেষ হলে পাটালি গুড় ১ কাপ পানি দিয়ে জ্বাল দিয়ে ঠাণ্ডা করে নিন। এবার একটি হাঁড়িতে তরল দুধে চিনি, এলাচ ও দারুচনি দিয়ে জ্বাল করে ২ লিটার করুন। এবার পিঠা দুধে দিয়ে চুলা বন্ধ করে দিন। এবার জ্বাল দেওয়া খেজুরের গুড় দিন। নারিকেল কোড়ানো দিন। সারারাত কিংবা ৬-৭ ঘণ্টা দুধে ভিজিয়ে রাখুন। নরম হলে পরিবেশন করুন।
 
গুড়ের পাটি সাপটা পিঠা
উপকরণ: পিঠার বাইরের রুটির জন্য চালের গুঁড়া ১ কাপ, ময়দা ১/২ কাপ, সুজি ১/৪ কাপ, গুড় স্বাদমতো, ঘি ১ টেবিল চামচ, কুসুম গরম পানি প্রয়োজনমতো।
 
ক্ষিরশার জন্য: ঘন দুধ ২ কাপ, গুড় স্বাদমতো, সুজি/চালের গুঁড়া ১ টেবিল চামচ, এলাচ ২/৩টি, লবণ ১ চিমটি।
 
প্রণালি: খিরসার উপকরণ বাদে বাকি সবকিছু ভালোমতো মিশিয়ে নিতে হবে যেন গোলাটি মসৃণ হয়। খেয়াল রাখবেন, গোলা যেন একেবারে পাতলা বা বেশি ঘন না হয়। গোলা বানিয়ে রেখে দিন যতক্ষণ পর্যন্ত ভিতরের পুর না বানানো হয়। এবার ক্ষিরশার সব উপকরণ মিশিয়ে চুলায় জাল দিতে থাকুন যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে আসে। ঘন হয়ে এলে ঠাণ্ডা করে নিন। এবার চুলায় ১টি ননস্টিক তাওয়ায় তেল ব্রাশ করে নিয়ে গর্তওয়ালা ১টি চামচ দিয়ে গোলা নিয়ে তাওয়ার মাঝে দিয়ে তাওয়া ঘুরিয়ে চারপাশে ছড়িয়ে দিন। এবার রুটির এক কোণায় ক্ষিরশা দিন এবং খুন্তি দিয়ে পাটিসাপ্টা পিঠার ভাঁজ করে দিন। এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিন এবং পরিবেশন করুন মজাদার পাটিসাপটা পিঠা।
 
খেজুরের গুড়ের পায়েস
উপকরণ: পোলাওয়ের চাল ১ কাপ, তরল দুধ ২ লিটার, গুঁড়া দুধ ১ কাপ, খেজুরের গুড় ২৫০ গ্রাম, এলাচ ৩টি, দারুচিনি ২ টুকরো, কাজু বাদাম ২ টেবিল চামচ, কিসমিস ২ টেবিল চামচ, চিনি সিকি কাপ, পানি ১ কাপ, নারিকেল কোড়ানো ১ কাপ।
 
প্রণালি: পোলাওয়ের চাল ২ ঘণ্টা ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে আধা ভাঙা করে নিন। খেজুরের গুড় ১ কাপ পানি দিয়ে জ্বাল করে রাখুন। এবার একটি হাঁড়িতে দুধ ও পোলাওয়ের চাল একসাথে নিয়ে চুলায় বসিয়ে দিন। চাল সিদ্ধ হলে এলাচ, দারুচিনি ও চিনি দিন। এবার গুঁড়া দুধ দিন। ভালো করে নাড়ুন। ঘন হয়ে এলে গুড়, নারিকেল কোড়ানো দিয়ে নেড়ে কাজুবাদাম ও কিশমিশ দিন। এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন ডিশে ঢেলে নিন। ঠাণ্ডা হলে কিসমিস ও কাজু দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top