সেবা ডেস্ক: ২৬ ডিসেম্বর থেকে ভারতের শিলিগুঁড়ির ‘কাঞ্চনজঙ্ঘা’ স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই ‘সাফ নারী চ্যাম্পিয়নশিপ।’ গেল তিন আসরের ধারাবাহিকতায় এটি চ্যাম্পিয়নশিপের চতুর্থ আসর।
এই আসরে দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে পাকিস্তান ছাড়া সব দলই অংশ নিচ্ছে। জানা গেছে, পাকিস্তান এই টুর্নামেন্টে অংশ নিতে অনাগ্রহ প্রকাশ করেছে। টুর্নামেন্টকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে অনুষ্ঠিত হয়েছে ড্র অনুষ্ঠান।
ড্র’তে ‘এ’ গ্রুপে পড়েছে চারটি দেশ আর ‘বি’তে তিনটি। ‘এ’ গ্রুপে আছে : তিনবারের রানার আপ দল নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান। আর ‘বি’তে আছে তিনবারের চ্যাম্পিয়ন ভারত, বাংলাদেশ ও আফগানিস্তান।
লটারি ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফের প্রেসিডেন্ট-কাজী মোহাম্মদ সালাহউদ্দিন, সাধারণ সম্পাক আনোয়ারুল হক হেলালসহ বাফুফে’র কর্মকর্তারা।
ড্র অনুষ্ঠানে টুর্নামেন্ট নিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘সাফ নারী চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপে থাকা চারটি দলের প্রতিদিন তাদের দুইটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। শীতকাল হওয়ায় ম্যাচের সময় দুপুর ২টা ও সন্ধ্যা ৬টা’য় ঠিক করা হয়েছে।’ ‘টুর্নামেন্টে বাংলাদেশের যে দুটি ম্যাচ আছে তার প্রথমটি অনুষ্ঠিত হবে ২৯ ডিসেম্বর ও দ্বিতীয়টি ৩১ ডিসেম্বর।
দুই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও আফগানিস্তান। এই দুই ম্যাচের যে কোনো একটিতে জিততে পারলেই সেমিফাইনালে উঠে যাবে বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টের সেমিফাইনাল ২ জানুয়ারি ও ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ জানুয়ারি।