এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে বুদ্ধি প্রতিবন্ধি ও অটিস্টিক শিশুদের জন্য ‘বুদ্ধি প্রতিবন্ধি ও অটিস্টিক বিদ্যালয়’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ১৫ নভেম্বর মঙ্গলবার বিকেলে নালিতাবাড়ী পৌর শহরের উত্তর গড়কান্দা মহল্লায় বাইপাসমোড় সংলগ্ন এলাকায় এ বিদ্যালয়টি উদ্বোধন করা হয়।
নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক মাস্টারের সভাপতিত্বে এর শুভ উদ্বোধন করেন সুইড বাংলাদেশ এর মহাসচিব জাওয়াহেরুল ইসলাম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলামের সঞ্চালনায় এ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৮৯ জন বুদ্ধিপ্রতিবন্ধি ও অটিস্টিক শিশু এ বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত পড়াশোনা শুরু করেছে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানান।
গত ২০১৫ সাল থেকে বিদ্যালয়টি প্রতিষ্ঠায় কাজ করা হলেও মঙ্গলবার এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
