সেবা ডেস্ক: হবিগঞ্জে অবৈধ মবিল কারখানার সন্ধান পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকালে শহরের উমেদনগর এলাকায় এ কারখানার সন্ধান পায় গোয়েন্দা পুলিশ। এ সময় কারখানা থেকে প্রায় ৫০০ ড্রাম মবিল, লেবেল তৈরির মেশিন ও অবৈধ মবিল তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
জেলার সিআইডির এএসপি বসু দত্ত চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা কামড়াপুর এমএ রব ব্রিজ এলাকায় সকালে অভিযান চালায়। এ সময় নকল মবিল বিক্রিকালে আমির হোসেনকে আটক করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে ওই এলাকায় নকল মবিল তৈরির কারখানায় অভিযান চালানো হয়। সেখান থেকে সাগর ইসলাম কাশেম নামে আরো একজনকে আটক করা হয়। অভিযানের খবর পেয়ে কারখানার মালিক হোসেন আহমেদ ও আক্কাছ আলী পালিয়ে যান। তারা কারখানায় নকল সুপার ফর্টি, টাইটানিক ফর্টি ও টোটাল নাম ব্যবহার করে নকল মবিল বিক্রি করে আসছেন। আটকরা বলেন, ‘জেলায় চাহিদার ৯৫ শতাংশই নকল মবিল বিক্রি হচ্ছে। প্রতি লিটার বোতল তারা ১৪০ টাকা দরে দোকানীদের কাছে বিক্রি করে। দোকানীরা তা ভোক্তাদের কাছে ৪০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি করে থাকেন।
অভিযানে সিআইডির ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক, নুনু মিয়া ও এসআই জুয়েল সরকার অংশ নেন।