সেবা ডেস্ক: ফেনীর দাগনভূঁইয়া পৌরসভার উদরাজপুরে শুক্রবার রাতে আবুল হাশেম (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আবুল হাশেমকে তুচ্ছ ঘটনায় পিটিয়ে ও বালিশ চাপায় খুন করেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর রশিদ গ্রামের আবুল হোসেনের ছেলে সহকর্মী দেলোয়ার হোসেন।
জানা যায়, বুধবার নিহতের মোবাইল ফোন চুরির ঘটনায় হাশেম ও দেলোয়ারের মধ্যে বাকবিতণ্ডা হয়। ঘটনার দিন ভোরে অন্যান্য কর্মচারীরা কাজে গেলে দেলোয়ার হাশেমকে রড দিয়ে পিটিয়ে ও পরে বালিশ চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘরে তালা দিয়ে পালিয়ে যান। রাতে শ্রমিকরা ভেতরে ঢুকে নিহতের লাশ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের বাবা আবুল কালাম বাদী হয়ে দেলোয়ারকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।
নিহত হাশেম লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর আবজল গ্রামের আবুল কালামের ছেলে বলে জানা গেছে।
ওসি মো. আসলাম উদ্দিন নিহত নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, 'দেলোয়ারকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।'