সেবা ডেস্ক: বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক সমিতির (বিজিএমইএ) বহুতল অবৈধ ভবন ভাঙ্গার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় পুন:বির্বেচনা চেয়ে রিভিউ পিটিশন দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই রিভিউ দাখিল করা হয়। রিভিউ পিটিশনে আপিল বিভাগের রায় স্থগিত করে বহুতল ভবনটি ভেঙ্গে ফেলার জন্য তিন বছরের সময় চাওয়া হয়েছে। এ প্রসঙ্গে বিজিএমইএর সহ-সভাপতি মোহাম্মদ নাসির জানান, তৈরি পোশাক শিল্প দেশের অর্থনীতির অগ্রগতিতে বড় ভূমিকা রাখছে। রপ্তানি আয়ের ৮০ ভাগই এ খাত থেকে আসছে। এ অবস্থায় ভবনটি ভাঙ্গার নির্দেশ সংক্রান্ত সর্বোচ্চ আদালতের রায় পুন:বির্বেচনা চেয়ে আবেদন করেছি। অন্ততপক্ষে ভবনটি সরানোর জন্য তিন বছর যাতে সময় দেয়া হয়, সেই আবেদনও জানিয়েছি। আশা করছি সর্বোচ্চ আদালত সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে আমাদের আবেদন মঞ্জুর করবেন।
চলতি বছরের ৮ নভেম্বর বিজিএমইএ ভবন ভাঙ্গার বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায়। ওই রায়ে বলা হয়, অবিলম্বে ভাঙ্গতেই হবে এই বহুতল অবৈধ ভবন। ভবন ভাঙ্গার যাবতীয় খরচ বিজিএমইএকেই বহন করতে হবে। বিজিএমইএ না ভাঙ্গলে রায়ের কপি পাওয়ার ৯০ দিনের মধ্যে রাজউককে ভবনটি ভেঙ্গে ফেলার নির্দেশ দেয় আপিল বিভাগ। এ জন্য যে অর্থ প্রয়োজন তা বিজিএমইএর কাছ থেকে নিতে বলা হয়েছে।বিজিএমইএর লিভ টু আপিল খারিজের পূর্ণাঙ্গ রায়ে এ নির্দেশ দেয় আপিল বিভাগ।
হাইকোর্ট ২০১১ সালের ৩ এপ্রিল ভূমির মালিকানা স্বত্ব না থাকা এবং ইমারত নির্মাণ বিধিমালা ও জলাধার আইন ভঙ্গ করায় বিজিএমইএ ভবন নির্মাণ অবৈধ ঘোষণা করে।