কাল শনিবার জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন শুরু

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  আগামীকাল শনিবার ঢাকায় জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন-২০১৬ অনুষ্ঠিত হবে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দু’দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সম্মেলনে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা ছাড়াও দেশের নিম্ন আদালতের বিভিন্ন পর্যায়ের দেড় হাজার বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তারা অংশগ্রহণ করবেন। এ নিয়ে দ্বিতীয় বারের মতো এই জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনের আয়োজন করলো সুপ্রিম কোর্ট। সম্মেলনে ‘বিচার বিভাগীয় তথ্য বাতায়ন’ এবং ‘পিডিএস ও ই-অ্যাপ্লিকেশন সফটওয়ার’ উদ্বোধন করা হবে।
 
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অধিবেশনে প্রধান বিচারপতি ছাড়াও বিশেষ অতিথিদের মধ্যে সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরী, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি প্রমুখ বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আপিল বিভাগের বিচারক বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সম্মেলনের কর্ম অধিবেশনে ‘অধস্তন আদালত পরিদর্শনের ভিত্তিতে আদালত ও মামলা ব্যবস্থাপনা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন আপিল বিভাগের বিচারক বিচারপতি নাজমুন আরা সুলতানা।
 
প্রথম দিনের সমাপনী অধিবেশনে সম্মেলনে অংশগ্রহনকারী অধস্তন আদালতের বিচারকগণের বক্তব্য প্রদানের জন্য রাখা হয়েছে। প্রধান বিচারপতির উপস্থিতিতে নিম্ন আদালতের বিচারকদের বিভিন্ন সমস্যা নিয়ে তারা কথা বলবেন। বিচারকদের বক্তব্য প্রদানের পর প্রধান বিচারপতি তাদের উদ্দেশে অভিভাষণ প্রদান করবেন।
 
সম্মেলনের দ্বিতীয় দিনের কর্ম অধিবেশন সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। কর্ম অধিবেশনে বেশ কিছু বিষয়ের ওপর আলোচনার জন্য রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে, ‘সরকারি আইন সহায়তা কার্যক্রমে এনজিও’র ভূমিকা’, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ বাস্তবায়নে সমস্যা ও সমাধান’, ‘আদালত প্রশাসনের দক্ষতা বৃদ্ধিতে করণীয়’, ‘মামলার দ্রুত নিষ্পত্তিতে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের করণীয়’, ‘আধুনিক বিচার ব্যবস্থায় বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতি প্রয়োগের অপরিহার্যতা’। এসব বিষয়ের উপর আলোচনায় জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারি জজ, চিফ মেট্টোপলিটন ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কর্মকর্তা এবং স্পেশাল পাবলিক প্রসিকিউটররা (পিপি) বিষয় ভিত্তিক আলোচনায় অংশগ্রহন করবেন। সভাপতি ও সঞ্চালকের ভূমিকায় থাকবেন আপিল ও হাইকোর্ট বিভাগের বেশ কয়েকজন বিচারক।
 
এ প্রসঙ্গে হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ ইত্তেফাককে বলেন, এ ধরনের জাতীয় সম্মেলন নিম্ন আদালতের বিচারকদের কর্মস্পৃহা বৃদ্ধি এবং মামলা নিষ্পত্তির হার বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তিনি বলেন, প্রথম জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনে প্রধান বিচারপতি দ্রুত মামলা নিষ্পত্তির ওপর জোর দিতে অধস্তন আদালতের বিচারকদের নির্দেশনা দিয়েছিলেন। সেই সুফল বিচারপ্রার্থী জনগণ পেয়েছে। প্রধান বিচারপতির দিক নির্দেশনামূলক বক্তব্য ছাড়াও আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকরাও বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করবেন। এর মধ্য দিয়ে নিম্ন আদালতের বিচারকরাও বিচার কার্যক্রমে এসব নির্দেশনা কাজে লাগাতে পারবেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top