সেবা ডেস্ক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েটে) প্রথমবারের মত অনুষ্ঠিত হয়েছে বিল্টেক ফেস্ট-২০১৬।
শুক্রবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।
ফেস্টটির আয়োজন করে কুয়েটের বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগ এবং সহযোগী হিসেবে ছিল ইন্সটিটিউশন অব সিভিল ইঞ্জিনিয়ারস (আইসিই), বাংলাদেশ সেন্টার।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট ও বিল্ডিং ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে শিক্ষার্থীদের উদ্ভাবনীমূলক চিন্তাধারা ও কাজের বেশি বেশি সুযোগ করে দেয়া এই ফেস্ট এর প্রধান উদ্দেশ্য। কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট ও বিল্ডিং ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে বিল্টেক বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্ট ও ওয়ার্কশপে সাজানো হয়। প্রতিযোগিতামূলক ইভেন্টগুলোর মধ্যে ছিল টেকনিক্যাল রাইটিং, পোস্টার প্রেজেন্টেশন, মেকানিক্স মেনিয়া, ম্যানেজমেন্ট মাস্টারমাইন্ড ইত্যাদি।
কুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং ইন্সটিটিউশন অব সিভিল ইঞ্জিনিয়ার্সের (আইসিই) প্রতিনিধি এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা এই ফেস্টে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ অব বাংলাদেশ এর রেক্টর প্রফেসর এম এ হান্নান, আইসিই বাংলাদেশ সেন্টারের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম এ সোবহান, আইসিই বাংলাদেশ সেন্টারের সেক্রেটারি ইঞ্জিনিয়ার আবু সালেহ মো. নুরুজ্জামান ।
উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন বিল্টেক ফেস্ট ২০১৬ এর সেক্রেটারি ড. হাবিবুর রহমান সবুজ এবং সভাপতিত্ব করেন বিল্টেক ফেস্ট ২০১৬ কনভেনর ও বিইসিএম বিভাগের বিভাগীয় প্রধান ড. কাজী এবিএম মহিউদ্দিন। এছাড়া টেকনিক্যাল সেশনে প্রেজেন্টেশন প্রদান করেন প্রফেসর এম এ হান্নান, ইঞ্জিনিয়ার এম এ সোবহান, ইঞ্জিনিয়ার এএসএম নুরুজ্জামান, ইঞ্জিনিয়ার আল-ইমরান হোসেন প্রমুখ।
