সেবা ডেস্ক: মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে ১১ বছর বয়সী সিমথিয়া নামের এক শিশু আত্মহত্যা করেছে। বুধবার রাতে রাজধানীর রায়েরবাজার হাউজ গলিতে এ ঘটনা ঘটে।
সিমথিয়া ভাই নূর হোসেন জানান, তার বাবা সাব্বির হোসেন রিকশাচালক। মা সালমা বেগম ফুটপাতের চায়ের দোকানি। সিমথিয়া স্কুলে ভর্তি না হলেও আশপাশের শিশুদের সঙ্গে স্থানীয় একটি স্কুলে প্রায়ই যেতো। বুধবার রাতে পড়ালেখা না করে দুষ্টুমি করায় মা তাকে বকাবকি করে। পরে বাইরে থেকে তালা দিয়ে মা দোকানে চলে যায়। এ সময় বাসায় কেউ ছিল না। রাত ৯টার দিকে তিনি (নূর হোসেন) বাসায় এসে দেখেন, দরজায় বাইরে থেকে তালা লাগানো। জানালা দিয়ে ঘরের ভেতরে উঁকি দিয়ে দেখেন আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় সিমথিয়া ঝুলছে। পরে ভেতরে ঢুকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সিমথিয়ার মা সালমা বেগম কাঁদতে কাঁদতে বলেন, সন্ধ্যার পরপর মেয়ে দুষ্টুমি করছিল। বই নিয়ে পড়তে বসার কথা বললেও শুনছিল না। এ সময় বকাবকি করে ঘরের দরজা বাইরে থেকে আটকিয়ে তিনি দোকানে চলে যান। পরে খবর পেয়ে এসে দেখেন মেয়ে আত্মহত্যা করেছে।
মোহাম্মদপুর থানার এসআই মেহেদী হাসান জানান, শিশুটি আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।