সেবা ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী বছরের মে মাস থেকে বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ) ৮০ শতাংশ সেবা অনলাইনে দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন প্রকল্প এবং অন্যান্য কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বিআরটিএ’র ৮০ ভাগ সেবা অনলাইনে দেওয়া হবে। এতে সেবার মান বাড়বে এবং অপকর্ম-দুর্নীতিও কমবে। এজন্য এটুআই (একসেস টু ইনফরমেশন) প্রকল্পের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে বলে বিআরটিএ’র চেয়ারম্যান নজরুল ইসলাম সভায় জানান।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আগামী এক মাসের মধ্যে মহাসড়কের নির্দিষ্ট স্থানে এক্সললোড কন্ট্রোল স্টেশন স্থাপনের কাজ শেষ করতে হবে। কারণ আগামী জানুয়ারি থেকে আমরা টোল নীতিমালা কার্যকর করার চিন্তা-ভাবনা করছি। সভায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কর্মকর্তাদের উদ্দেশ করে বলেন, এক পশলা বৃষ্টিতে কেন সড়কগুলোর অবস্থা বেহাল হয়ে যায়। আপনারা কী ধরনের সংস্কার ও নির্মাণ করেন?
এখন চলছে শুষ্ক মৌসুম। এই মৌসুমে যত ধরনের সংস্কার ও নির্মাণকাজ আছে, তা সম্পন্ন করতে হবে। মান ঠিক রেখে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে হবে। এছাড়া মন্ত্রী বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) শীর্ষ কর্মকর্তাদের কাছে জানতে চান, সংস্থাটির অধীনে কতগুলো পরিবহন আছে এবং সেগুলোর কী অবস্থায় আছে। তাছাড়া বিএনপির সময় আনা ৫৫টি ভলভোসহ বিকল হওয়া বাসগুলো মেরামত করে যাত্রী পরিবহনের জন্য রাস্তায় নামানোর নির্দেশ দেন তিনি।
তিনি আরো বলে, ভারত থেকে ট্রাক, ডাবল ডেকারসহ এক হাজার ১০০টি গাড়ি আনার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে । আশা করছি ভারতের লাইন অব ক্রেডিটের আওতায় আগামী বছরের মাঝামাঝি গাড়িগুলো পাব।