শেরপুর প্রতিনিধি: শেরপুরে জেলা পরিষদ নির্বাচন নির্বিঘ্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। ২৭ ডিসেম্বর মঙ্গলবার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ডাঃ এ এম পারভেজ রহিম জেলার ১৫টি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং, পোলিং ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাঝে নির্বাচন সংশ্লিষ্ট সকল সামগ্রী হস্তান্তর করেছেন।
নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত থাকবেন। এছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি প্রতি ৩ ওয়ার্ডের জন্য একটি করে স্ট্রাইকিং ফোর্স, র্যাব ও ব্যাটেলিয়ান আনসারের টহল থাকবে।
শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, সমপ্রতি জেলার ১৫ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
ইতোমধ্যে প্রতিটি ভোট কেন্দ্রে সরঞ্জামাদি পৌঁছানো হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম জানান, অন্যান্য নির্বাচনের মতোই জেলা পরিষদ নির্বাচন নির্বিঘ্ন করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কোন অনিয়ম বরদাশত করা হবে না। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া গেলে সাথে সাথে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, জেলা পরিষদ নির্বাচনে শেরপুরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত এডভোকেট চন্দন কুমার পাল ও দলের বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবীর রুমান প্রতিদ্বন্দিতা করছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ৪৫ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এ জেলার ৫টি উপজেলা, ৪টি পৌরসভা ও ৫২টি ইউনিয়নে ভোটার সংখ্যা হচ্ছে ৭৪২ জন।
