
সেবা ডেস্ক: গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ড. কামাল হোসেন বলেছেন, ‘আমরা আন্দোলনের মধ্যেই আছি। ষোলো আনা মুক্তি পাওয়ার জন্য আন্দোলন অব্যাহত রাখতে হবে। জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলন করে যেতে হবে।’
মঙ্গলবার (২৬ মার্চ) এক অনুষ্ঠানে এসব কথা বলেন ড. কামাল। এদিকে ড. কামাল হোসেনের এমন বক্তব্যে হাস্যরসের সৃষ্টি হয়েছে রাজনৈতিক অঙ্গনে। ঐক্যফ্রন্ট তথা বিএনপির গোলটেবিল কেন্দ্রিক আন্দোলন শুধু ক্ষমতাসীনদের সমালোচনা ও পরশ্রীকাতরতায় সীমাবদ্ধ থাকবে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জনগণকে সাথে নিয়ে ঐক্যফ্রন্ট আন্দোলনের যে স্বপ্ন দেখছে তা অধরাই থাকবে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তারা।
ড. কামালকে ব্যর্থ রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর একজন পলিটব্যুরোর সদস্য বলেন, ড. কামাল বয়োজ্যেষ্ঠ হলেও রাজনৈতিক অঙ্গনে তিনি শিশু বলা চলে। তিনি কেবল অভিযোগ ও পরশ্রীকাতরতায় ব্যস্ত থাকায় রাজনীতিতে সাফল্যের স্বাক্ষর রাখতে ব্যর্থ হয়েছেন। তিনি বিএনপি-জামায়াতের জনবল নিয়ে মাঠে ফেরার যে স্বপ্ন দেখছেন তা অধরাই থেকে যাবে। কারণ বিএনপি-জামায়াত তার আসল চরিত্র বুঝতে পেরেছে। সুতরাং ড. কামালের পাতানো ফাঁদে অন্তত দেশবাসী পা দেবে না বলে আমি মনে করি। দেশের মানুষ শান্তিতে রয়েছে, আপাতত পরিবর্তনের প্রয়োজন নেই বলে আমি মনে করি।
বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করে ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ড. কামাল যা বলেছেন তা কিন্তু মিথ্যা নয়। ঐক্যফ্রন্ট কিন্তু সূচনালগ্ন থেকেই আন্দোলনের মধ্যে ছিলো। তবে সেই আন্দোলনকে আপনি নির্দিষ্ট রূপরেখা দিয়ে সীমাবদ্ধ করতে পারবেন না। এই আন্দোলন পরিধির ব্যাপ্তিতে বাঁধতে পারবেন না। সেই আন্দোলন সরকারের সমালোচনা করেও হতে পারে। আমরা দীর্ঘমেয়াদী একটি সংগ্রামে লিপ্ত আছি। আজকে আমাদের নিয়ে যারা ব্যঙ্গ করছে তারাই একদিন ঐক্যফ্রন্টের বিজয়ে বিস্মিত হয়ে পড়বেন। আন্দোলন তো একদিনে হয় না। আন্দোলনের প্রেক্ষাপট একদিনে তৈরি হয় না। দেশবাসীকে একটু অপেক্ষা করতে হবে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।