
সেবা ডেস্ক: রোহিঙ্গাদের কবে পাঠানো যাবে জানি না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মমিন। তিনি বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ এপ্রিলের মধ্যে ভাসানচরে এক লাখ রোহিঙ্গা পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু জাতিসংঘসহ অন্যান্য সংস্থা শর্ত দিলে তাতে তৈরি সমস্যায় রোহিঙ্গাদের কবে পাঠানো হবে তা সঠিকভাবে বলা যাচ্ছে না।
বুধবার (২৭ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানোর জন্য প্রস্তুত আছি। সেখানে প্রয়োজনীয় বাড়িঘর তৈরি করা আছে। কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান বলছে সেখানে গেলে তাদের অসুবিধা হবে। যদি সবাই মনে করেন অসুবিধা হবে তবে আমরা রোহিঙ্গাদের পাঠাবো না। সবাই যদি বলেন স্বেচ্ছায় যান তবে আমরা ঘরবাড়ি তৈরি করে রেখেছি।’
লন্ডনে অবস্থানরত ও দেশের আদালতে একাধিক মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেরত আনার বিষয়ে তিনি বলেন, ‘আমরা সব অপরাধীকে ফেরত আনার চেষ্টা করছি।’
বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীর রাজনৈতিক আশ্রয়ের আবেদনটির বিষয়ে কানাডা সরকারের অবস্থান জানতে বাংলাদেশ সরকারের আবেদনের ওপর কানাডার আদালতে শুনানির বিষয়ে তিনি বলেন, ‘এটি আমাদের অনেক দিনের প্রচেষ্টা এবং এটি চলমান প্রক্রিয়া।’
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।