
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ায় মহাসড়কে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে রিফাইত (২৪) নামের এক যুবকের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া সদরের পালশা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত রিফাইত পেশায় লেদ শ্রমিক। তিনি বগুড়া সদরের বানদীঘি গ্রামের মঞ্জু মিয়ার ছেলে। দুর্ঘটনার পরপরই পুলিশ ট্রাক ও তার চালক জাহাঙ্গীর হোসেনকে (৫৫) আটক করেছে।
বগুড়া শহরতলীর তিনমাথা রেলগেটে কর্তব্যরত ট্রাফিক পুলিশের শহর উপ-পরিদর্শক (টিএসআই) আশুতোষ মিত্র জানান, রিফাইত বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে চারমাথার দিকে যাচ্ছিলেন। তিনমাথা রেলগেটের অদুরে পালশা এলাকায় বিপরীতমুখী ট্রাক তাকে চাপা দেয়। এসময় মোটরসাইকেলটি ট্রাকের নিচে চাপা পড়ে।
এতে হেলমেটসহ তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করলে তিনমাথা রেলগেটে পুলিশ ট্রাকসহ চালককে আটক করে। এ সময় উত্তেজিত লোকজন ট্রাকে আগুন দেয়ার চেষ্টা করলে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (ছিলিমপুর) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ মন্ডল বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে রাখা ছিল। তার মাথা হেলমেটের মধ্যে থেতলে গেছে। পরে বিকেলে পরিবারের লোকজনের কাছে লাশ হস্তান্তর করা হয়।
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।