
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে।
গত এক সপ্তাহ ধরে প্রায় প্রতি রাতে চুরি হচ্ছে, ছিনতাই ও পকেটমারের ঘটনা ঘটছে। এর মধ্যে সবচেয়ে বড় চুরির ঘটনা ঘটে শুক্রবার রাতে সান্তাহার পৌর শহরের রথবাড়ী মহল্লায় অবস্থিত রাধা মাধব মন্দিরে। ওই মন্দিরের দুই দরজার তালা ভেঙে সোনার গহনা ও পিতলের ৩০টি প্রতিমা চুরি হয়েছে। এর দুই দিনের ব্যবধানে সোমবার সকালে দিনের বেলায় দৈনিক বাজারের এক সংখ্যালঘুর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এদিকে মন্দিরে চুরির ঘটনায় পুলিশ তিন মাদকাসক্ত যুবককে আটক করলেও কোনো কুল কিনারা করতে পারেনি।
জানা গেছে, শুক্রবার রাতে শহরের রথবাড়ীতে অবস্থিত কয়েক শত বছরের ঐতিহ্যবাহী ধর্মীয়প্রতিষ্ঠান রাধা মাধব মন্দিরে চুরি সংঘঠিত হয়। চোরেরা প্রথমে কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর ওই মন্দিরের পূজার ঘরের কাঠের দরজা ভেঙে প্রতিমার গায়ের প্রায় ২ ভরি সোনার গহনা, ১০ ভরি ওজনের চাদি দিয়ে তৈরি কৃষ্ণের বাঁশি ও পিতলের তৈরি বিভিন্ন নামের ৩০ প্রতিমা চুরি করে নিয়ে যায়। মন্দির চুরির ঘটনার পর দিন পুলিশ শনিবার দুপুরে তিন মাদকাসক্ত যুবককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, সান্তাহার শহরের ইয়ার্ড কলোনী এলাকার হেলালের ছেলে সুইট এবং রথবাড়ি মহল্লার মৃত বাবলুর ছেলে বেলাল হোসেন ও নুপুর হোসেন। সোমবার দুপুরে তাদেরকে বগুড়ার আদালতে পাঠানো হয়। তবে তাদের কাছ থেকে কোনো গুরুত্বপূর্ন তথ্য পাওয়া যায়নি। আদমদীঘি থানার ওসি মনিরুল ইসলাম বলেন, অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।