যুবসমাজের হাতে মাদক তুলে দিলে কঠিন পরিণতি ভোগ করতে হবে

S M Ashraful Azom
যুবসমাজের হাতে মাদক তুলে দিলে কঠিন পরিণতি ভোগ করতে হবে
সরিষাবাড়ী প্রতিনিধি: তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, ‘দলের নাম ভাঙিয়ে কেউ মাদকদ্রব্য সেবন বা ব্যবসা করলে তাদের ছাড় দেওয়া হবে না। যারা ভবিষ্যৎ প্রজন্মের হাতে মাদকদ্রব্য তুলে দেবে তাদের কঠিন পরিণতি ভোগ করতে হবে।’ জামালপুরের সরিষাবাড়ীতে উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শনিবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা সংসদ মাঠে জেলা তথ্য অফিস ও উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আহমেদ কবীর।

প্রতিমন্ত্রী মুরাদ হাসান আরো বলেন, ‘বর্তমান সরকার মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও বাল্যবিয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কোনো সামাজিক অবক্ষয় রাষ্ট্রের উন্নয়ন ও বঙ্গবন্ধুর স্বপ্ন ব্যাহত করবে তা মেনে নেওয়া হবে না। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান করতে হবে। ’ এ সময় তিনি নিজ দলের নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা মাদকের সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেন এবং জামালপুর জেলায় বাল্যবিয়ের ব্যাপারে কোনো বিশেষ বিবেচনা গ্রহণ করা হবে না মর্মে হুশিয়ারী করেন। প্রতিমন্ত্রী উপস্থিত সবাইকে মাদক ও বাল্যবিয়ের বিরুদ্ধে অবস্থান নিতে হাত তুলে শপথ করান।

উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক তৈয়ব আলী, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) বাছির উদ্দিন, জেলা সিনিয়র তথ্য অফিসার নুরুন্নবী খন্দকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তার, পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন, সহকারী কমিশনার (ভূমি) কামরুন নাহার, ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান প্রমুখ। পরে বিটিভি ও বেতারের শিল্পীদের অংশগ্রহণে সচেতনামূলক নাটক ও গান পরিবেশিত হয়।

ছবি: সরিষাবাড়ীতে মাদক ও বাল্যবিয়ের বিরুদ্ধে অবস্থান নিতে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান হাত তুলে শপথ করান।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান