
সেবা ডেস্ক: বাংলাদেশে জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান অভিনীত নতুন সিনেমা ‘সিতারা’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৯ জুলাই। ছবিটিতে এই অভিনেতার বিপরীতে অভিনয় করেছেন রাইমা সেন। এ ছবিটি একসঙ্গে ভারতের পাঁচ রাজ্যে মুক্তি পাবে বলে জানা গেছে। রাজ্যগুলো হচ্ছে- পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক ও অন্ধ্র প্রদেশ।
ভারতীয় গণমাধ্যমকে এমনটিই জানিয়েছেন ছবির নির্মাতা আশীষ রায়। পশ্চিমবঙ্গের অন্যতম সাহিত্যিক আবুল বাশারের ‘ভোরের প্রসূতি’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ‘সিতারা’।
জাহিদ হাসান বলেন, সীমান্তের নানা ঘটনা নিয়ে ছবির কাহিনি এগিয়েছে। ওপার বাংলার খ্যাতনামা লেখক আবুল বাশারের উপন্যাস ‘ভোরের প্রসূতি’র প্রেক্ষাপট নিয়েই এর গল্প।
ছবিতে রাইমা সেনের দেহরক্ষী চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। ছবিটির শুটিং হয়েছে ভারতের কোচবিহারের প্রত্যন্ত মেখলিগঞ্জের বিস্তীর্ণ এলাকায়। চোরাচালানের গল্প এবং এই ব্যবসার সঙ্গে যুক্ত নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রা নিয়ে এগিয়েছে ‘সিতারা’ ছবির কাহিনী।
ছবিতে জাহিদ হাসান ও রাইমা ছাড়াও আরো অভিনয় করেছেন মোহম্মদ নাজির, সুব্রত দত্ত, মাধব সরকার, দিলু, ফজলুর রহমান বাবু, মাসুদ আখতার। ছবির চিত্রনাট্য লিখেছেন মলয় বন্দ্যোপাধ্যায় আর এডিটের ভূমিকায় ছিলেন সঞ্জীব দত্ত। সঙ্গীত পরিচালনার দায়িত্ব কালিকাপ্রসাদের উপর থাকলেও তা সম্পূর্ণ করে যেতে পারেননি তিনি। পরে দোহার তৈরি করে ছবির গান।
উল্লেখ্য, গত মে মাসে ভারতে মুক্তি পাওয়ার কথা ছিল ‘সিতারা’ চলচ্চিত্রের। কিন্তু বিভিন্ন কারণে ছবির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।