
সেবা ডেস্ক: বহুল আলোচিত-সমালোচিত পুলিশের ডিআইজি মিজানুর রহমানের ব্যক্তিগত পিস্তলের লাইসেন্স বাতিল করা হয়েছে। মাগুরা প্রশাসকের কার্যালয় থেকে গতকাল মঙ্গলবার লাইসেন্স বাতিলের বিষয়টি তাকে অবহিত করার পাশাপাশি যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্যে সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে বলে মাগুরা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী আকবর নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, মিজানুর রহমান ১৯৯৭ সালের ৩০ জানুয়ারি থেকে ১৯৯৮ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত মাগুরায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। সেই সময় তিনি ব্যক্তিগত পিস্তলের লাইসেন্স গ্রহণ করেন। পরে ২০১১ সালের ২৩ মে তারিখে তিনি ইউএসএ’র তৈরি ডিএএ-৪৯৮৩১৮ বেরেটা মডেলের একটি পিস্তল এবং ১০ রাউন্ড গুলি ক্রয় করেন।
গত বছর নারী কেলেঙ্কারির জন্যে ব্যাপকভাবে সমালোচিত হন তিনি। ওই ঘটনার পর ২৯ মে তারিখে ৪০ রাউন্ড গুলি ক্রয়ের অনুমতি চেয়ে ডিআইজি মিজান মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করেন। তৎকালীন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান গুলি ক্রয়ের আবেদনটি বাতিল করেন।
অন্যদিকে সাম্প্রতিককালে ডিআইজি মিজান নতুন করে আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। যার সূত্র ধরে গত ৪ আগস্ট তারিখে দুর্নীতি দমন কমিশন থেকে তার ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সটি বাতিলের জন্যে মাগুরায় জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে পত্র পাঠানো হয়। যার প্রেক্ষিতে মাগুরার বর্তমান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী আকবর ডিআইজি মিজানের ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সটি বাতিল করেন।
মাগুরা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আলী আকবর এ বিষয়ে বলেন, ডিআইজি মিজানের ব্যবহৃত ব্যক্তিগত পিস্তলটির লাইসেন্স বাতিলের পাশাপাশি তার কাছে থাকা গুলি সরকারি হেফাজতে রাখার জন্যে তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।