রংপুর চিনিকলের বিরোধপূর্ণ জমি নিয়ে আবারো মারামারি

S M Ashraful Azom
0
Rangpur clashes again with Chinikal land
গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্থানীয় প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রংপুর চিনিকলের বিরোধপূর্ণ জমিতে হালচাষ করতে গেলে চিনিকল শ্রমিক ও সাঁওতালদের মাঝে মারামারির ঘটনা ঘটেছে।  আজ ২৮ আগস্ট বুধবার সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, স্থানীয় প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রংপুর চিনিকলের শ্রমিকরা ট্রাক্টর নিয়ে সাহেবগঞ্জ ইক্ষুখামারের জমি চাষ করতে যান। এসময় সাঁওতালরা নিজেদের বাপ-দাদার জমি দাবী করে জমি চাষে বাধা প্রদান করলে চিনিকলের শ্রমিকরা সাঁওতালদের মারপিট করে। এতে তাদের ৩জন আহত হন। সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি পূনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কে অভিযোগ করে বলেন, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উভয়কে ডেকে বলা হয়েছে যেহেতু জমিগুলো নিয়ে বিরোধ চলছে সেহেতু বিরোধ নিস্পত্তি না হওয়া পর্যন্ত কেউ উক্ত জমিতে যেতে পারবেন না। চিনিকল কর্তৃপক্ষ প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে বার বার জমি চাষাবাদের চেষ্টা করছে। বুধবার বিরোধপূর্ণ জমিতে আবারো চাষ করতে গেলে শ্রমিকরা তাদের লোকজনদের মারপিট করে। এতে চুনু, সবুজ মিয়া ও জাকারিয়া ইসলাম নামের ৩জন আহত হন।

এদিকে, চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল অভিযোগ অস্বীকার করে বলেন, ৩টি ট্রাক্টর নিয়ে সাহেবগঞ্জ ইক্ষুখামারের জমি চাষ করা হচ্ছিল।

এসময় হঠাৎ করে সাঁওতালদের কিছু লোক এসে ট্রাক্টর চালকদের মারপিট করে। এসময় তাদের মারপিটে ট্রাক্টরের দুই চালক পালিয়ে যান। আহত হন নুরুল ইসলাম নামের এক চালক। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মারপিটের বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) একেএম মেহেদী হাসান বলেন, চিনিকল কর্তৃপক্ষ ও সাঁওতালরা উভয়পক্ষই তার কাছে মারপিটের অভিযোগ করছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়কে বুঝিয়ে জমি থেকে  ট্রাক্টর তুলে দেন। সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণের কাছে মুঠোফোনে যোগাযোগ করা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেন বলেন, নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণ ছুটিতে রয়েছেন। বিষয়টি সমাধানের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে লিখিতভাবে জানানো হয়েছে। আমরা সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। এই মুহুর্তে সেখানকার বিষয়ে কোনো সিন্ধান্ত আমরা দিতে পারিনা।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top