
রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় অপহরনের ৯দিন পর কাকুলি রানী (১৭) নামে এক কলেজছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোর ৪টার দিকে বরগুনা জেলার তালতলী উপজেলার ঠাকুরপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
একই সময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রিপন মাহমুদ (২৩) নামে এক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিপন মাহমুদ বরগুনা জেলার তালতলী উপজেলার ঠাকুরপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে।
শুক্রবার দুপুর ১২টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া উদ্ধারকৃত কলেজছাত্রীকে শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিষ্ণুপুর গ্রামের মাংগন চন্দ্র মন্ডলের মেয়ে কাকুলি রানী জালশুকা হাবিবুর রহমান ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। মোবাইল ফোনের রং নম্বর থেকে রিপন মাহমুদের সাথে কলেজছাত্রীর পরিচয় হয়। পরিচয় থেকে দু’জনের মধ্যে গভীর সখ্যতা গড়ে উঠে।
এ অবস্থায় কলেজছাত্রীকে বিয়ের প্রস্তাব দেয় রিপন মাহমুদ। কিন্ত বিয়েতে রাজী হয়নি কলেজছাত্রী। এদিকে ১৮ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে কলেজে যাওয়ার উদ্যেশে বড়ি থেকে বের হয় ওই ছাত্রী। পথিমধ্যে পাঁচথুপি রাস্তায় পৌছলে রিপন মাহমুদ সিএনজি চালিত অটোরিকশায় তুলে কলেজছাত্রীকে অপহরণ করে।
এ ঘটনায় ১৯ সেপ্টেম্বর অপহৃত কলেজছাত্রীর বাবা বাদী হয়ে ধুনট থানায় একটি অভিযোগ দায়ের করে। থানা পুলিশ মোবাইল ফোনের কললিষ্টের সূত্র ধরে শুক্রবার ভোরের দিকে কলেজছাত্রীকে উদ্ধার করা হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাবাদে রিপন মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।