
সেবা ডেস্ক: নিজের সঞ্চিত মুক্তিযোদ্ধা ভাতা দিয়ে অসহায় দরিদ্র মুক্তিযোদ্ধাদের অর্থ সহায়তা করলেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
গতকাল শুক্রবার ধানমন্ডির সরকারি বাসভবনে ২০ জন অসহায় দরিদ্র মুক্তিযোদ্ধাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে তিনি নগদ অর্থ সহায়তা করেন।
ভাতা বিতরণকালে আসাদুজ্জামান খান কামাল বলেন, মুক্তিযোদ্ধাদের সহায়তায় এগিয়ে আসতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বার্তা আছে সেটি বাস্তবায়িত হলে অসহায় মুক্তিযোদ্ধাদের আর্থিক কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। এ লক্ষ্যে আমি সকল সামর্থ্যবান মুক্তিযোদ্ধাদের এগিয়ে আসার আহ্বান জানাই।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মুক্তিযোদ্ধাদের সব সময় পিছিয়েপড়া মুক্তিযোদ্ধাদের পাশে থাকা উচিত। বাংলাদেশে অনেক সচ্ছল মুক্তিযোদ্ধা অসহায় মুক্তিযোদ্ধাদের সহায়তা করে থাকেন। তারা যেন আরো সহায়তার হাত বাড়াতে পারেন সেটাই আমাদের সকলের কাম্য।
প্রসঙ্গত, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টরের অধীনে অংশ নেন। তিনি যখন থেকে মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন, তখন থেকেই তার প্রাপ্ত ভাতা সঞ্চয় করে নির্দিষ্ট সময় পরপর তা অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মধ্যে বিতরণ করে আসছেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।