
সেবা ডেস্ক: নড়াইলের লোহাগড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে ২৭ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে আলামীন মোল্যা (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩০ ডিসেম্বর) উপজেলার ইতনা গ্রামে আলামিনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া সকালে নড়াইল সদর হাসপাতালে ভিকটিমের ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ ডিসেম্বর সন্ধ্যায় মোটরসাইকেলে করে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীকে বাড়ির সামনে থেকে ইতনা গ্রামের সাত্তার মোল্যার ছেলে আলামিন মোল্যা নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে আটকে রেখে দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়। ওই ছাত্রী রবিবার (২৯ ডিসেম্বর) ফোনে বিষয়টি তার মা-বাবাকে জানালে ছাত্রীর বাবা রাতেই লোহাগড়া থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পেয়ে লোহাগড়া থানা পুলিশ ইতনা গ্রামে আলামিনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ও ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই ছাত্রীর সঙ্গে যুবকের প্রেমের সম্পর্ক ছিল বলে সূত্র জানায়।
এসআই মো. এনামুল এ বিষয়ে বলেন, ছাত্রীর বাবা বাদী হয়ে রবিবার লোহাগড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। তিনি আরও জানান, সোমবার সকালে নড়াইল সদর হাসপাতালে ছাত্রীর ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়াও আদালতে ওই ছাত্রী জবানবন্দিও দেবেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।