![]() |
| বাঁশখালী ইকোপার্কের বামেরছড়া লেকের উপর নির্মিত বাঁধ: স্লুইস গেইটের ত্রুটির কারণে অলস পড়ে আছে। ছবি-সেবা হট নিউজ |
২০০৮ সালের প্রলয়ংকরী বন্যায় বামের ছড়া লেকের বাঁধ ভেঙ্গে যাওয়ার পর থেকে উপজেলার ওই পার্কের আওতায় উপকারভোগী চাষীদের ২৮ ব্লকে বিভক্ত ৩ হাজার কানি জমির বোরো চাষ সহ রবি-শস্যের মৌসুমী ফসলের চাষাবাদে নেমে আসে বিপর্যয়। দীর্ঘ এক যুগ ধরে বোরোচাষ থেকে বঞ্চিত উপকারভোগী চাষীরা।
বামের ছড়া ও ডানের ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি. এর সাবেক সভাপতি মো. সাহাদাত হোসেন আজগর জানান, বামের ছড়া ও ডানের ছড়া লেকের পানিতে এ অঞ্চলের সামগ্রীক চাষাবাদ নির্ভরশীল। আমাদের সমিতির অন্তর্ভুক্ত উপকারভোগীর চাষীদের চাষাবাদের অনেক জমি অনাবাদী হয়ে পড়ে আছে পর্যাপ্ত পানির অভাবে। দীর্ঘ ১২ টি বছর অতিক্রম হলেও লেকের পানি দিয়ে চাষাবাদের সুযোগ থেকে বঞ্চিত সাধারণ চাষীরা। তিনি আরো জানান, ইতোমধ্যে সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে ইকো-পার্কের বামের ছড়া লেকের সংস্কারসহ সামগ্রীক উন্নয়নকল্পে নির্মাণ কাজের সমাপ্ত করা হলেও নির্মিত স্লুইস গেইটের ত্রুটিজনিত কারণে চলতি মৌসুমেও পানি পাবেন কিনা উদ্বেগ প্রকাশ করেন তিনি। সমিতির অর্থ সম্পাদক মো. বদিউল আলম জানান, বামের ছড়া লেকের বাঁধ নির্মাণে প্রায়ই সাড়ে ৪কোটি টাকা ব্যয় করা হলেও আজও পর্যন্ত সুফল মেলেনি। তিনি অভিযোগ করে বলেছেন- এলজিইডির বাস্তবায়নে উপজেলা প্রকৌশলীর তদারকীতে বাঁধ নির্মাণের কাজটি করেন কন্ট্রাক্টর আবুল বশর। তিনি কাজের সমাপ্তির পূর্বেই বিল তুলে নেন। এদিকে স্লুইস গেইটে ব্যবহৃত লোহার নরম পাত ও ত্রুটিপূর্ণ কাজের কারণে গেইটের উঠা-নামা করা যাচ্ছেনা। এটি মেরামত করা না হলে চলতি বোরো মৌসুমেও হাজার হাজার চাষীরা বঞ্চিত হবে বোরো চাষ থেকে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বামের ছড়া ও ডানের ছড়া লেকের পানিতে নির্ভর করে শিলকুপ, চাম্বল, জলদী এলাকার পাহাড়ি ও সমতল ভূমিতে মৌসুমী ফসলের চাষাবাদ হয়। উপজেলার সিংহভাগ খাদ্য-শস্য এ অঞ্চলে উৎপাদন হয়ে থাকে। ওই লেকের বাঁধের উপর নির্মিত স্লুইস গেইটের ত্রুটিজনিত কারণে উপকারভোগী চাষীরা শংকিত। বামের ছড়া ও ডানের ছড়া লেকের পানির উপর নির্ভর করে এদিকে বোরো চাষের জন্য কৃষকেরা জালা বিছানা (ধানের বীজতলা) প্রস্তুত করে নিচ্ছে। বাংলা কার্তিক (অক্টোবর-নভেম্বর) মাস থেকে কৃষকেরা মাঠে কাজ করে যাচ্ছে। বোরো ধান যে সময়ে জন্মায় সে সময়ে বৃষ্টিপাত সাধারণত: কম হয়। তাই বোরো ধান সেচের উপরে বহুলাংশে নির্ভরশীল। কৃষকেরা লেকের পানির উপর নির্ভর করেই ইতোমধ্যে বীজতলা তৈরি করে ফেলছে।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম ভূইয়্যা জানান- 'প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে ডানের ছড়া লেকের উপর বাঁধ নির্মাণ করা হয়েছে। ২০১৮-১৯ অর্থ বছরে কাজটি সমাপ্ত হয়েছে। স্লুইস গেইটের নীচে মাটি জমে যাওয়ায় গেইটটি উঠা-নামা করা দুষ্কর হয়ে পড়েছে। তাছাড়া ব্যবহৃত পাতের সমস্যা ও সংযোগ লোহার চেইনের যে ত্রুটি হয়েছে তা আগামী এক সপ্তাহের মধ্যেই মেরামত করা হবে। তিনি আরো জানান, চলতি বোরো মৌসুমে উপজেলার ওই লেকের আওতাভুক্ত উপকারভোগী চাষীরা পর্যাপ্ত পানি পাবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।