
সেবা ডেস্ক: বাংলাদেশ পুলিশের আইজিপি ড. জাবেদ পাটোয়ারী বলেছেন, জঙ্গি, মাদক ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ বিনির্মাণে পুলিশকে কাজ করতে হবে। যারা অন্যায় করবে তাদের কঠোর হাতে দমন করতে হবে। বিনা অপরাধে কাউকে অত্যাচার করা যাবে না।
রোববার সকালে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৭তম ক্যাডেট এসআই ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, জবাবদিহিতামূলক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ার মধ্য দিয়ে ‘বাংলাদেশ পুলিশ’ হবে অনন্য দৃষ্টান্ত। পুলিশের কাঠামোগত সংস্কারের মাধ্যমে নতুন ও বিশেষায়িত ইউনিট গঠন, ধারাবাহিকভাবে জনবল বাড়ানো, কর্মদক্ষতার উন্নয়নে দেশে-বিদেশে যুগোপযোগী প্রশিক্ষণের সুব্যবস্থা, অত্যাধুনিক লজিস্টিকস ও ইকুইপমেন্ট সরবরাহের সুব্যবস্থা করছে সরকার।
পুলিশের দায়িত্ব পালন প্রসঙ্গে তিনি বলেন, মামলার যথাযথ তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করা, অপরাধীকে বিচারের আওতায় আনা, বাদী, ভিকটিম ও সাক্ষীদের নিরাপত্তাসহ অর্পিত দায়িত্ব নির্মোহভাবে পালন করতে হবে। আইন বিষয়ক জ্ঞান অর্জনের পাশাপাশি সেবার মান উন্নয়ন ও দক্ষতা বাড়ানোসহ মানবিক দৃষ্টিভঙ্গির প্রসারে যুগোপযোগী প্রশিক্ষণ অত্যাবশ্যক।
হরতালের নামে গাড়ি ভাঙচুর, জানমালের ক্ষয়ক্ষতি, নৈরাজ্য কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এমন ঘটনা ঘটানোর চেষ্টা করলে পুলিশ কঠোর হাতে দমন করবে বলেও জানান তিনি।
ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে সাংবাদিকের উপর হামলার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে জাবেদ পাটোয়ারী বলেন, এ ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত তাদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশকেই সবার আগে এগিয়ে আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি মোহাম্মদ নাজিবুর রহমান, রাজশাহী রেঞ্জের ডিআইজি একেএম হাফিজ আক্তার, মহানগর পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির, এসপি মো. শহিদুল্লাহ প্রমুখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।