অ্যাম্বুলেন্সের জন্য টোল লাগবে না, আদেশ জারি

S M Ashraful Azom
অ্যাম্বুলেন্সের জন্য টোল লাগবে না, আদেশ জারি
সেবা ডেস্ক: মুমূর্ষু রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের সড়ক, ফেরি ও সেতুর টোল মওকুফ করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। আগামী ১ মার্চ থেকে এ আদেশ কার্যকর হবে।

বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক ও মহাসড়ক বিভাগ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, অর্থ বিভাগের ২০১৯ সালের ৪ নভেম্বরের সম্মতির পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদফতরের আওতাধীন সড়ক, ফেরি এবং সেতুতে সরকারি ও বেসরকারি অ্যাম্বুলেন্সে মুমূর্ষু রোগী বহনকালীন টোলের সমপরিমাণ অর্থ সেবা প্রদানকারী কর্তৃক অ্যাম্বুলেন্সের চার্জ থেকে হ্রাস করার শর্তে সব সরকারি ও বেসরকারি অ্যাম্বুলেন্সের টোল মওকুফ করা হলো। এ আদেশ আগামী ১ মার্চ থেকে কার্যকর হবে।

দেশের সড়ক ও মহাসড়কে নির্মিত ব্রিজ, সেতু থেকে টোল আদায়ের রীতি রয়েছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিজ, সেতুর পাশাপাশি জাতীয় মহাসড়ক থেকে টোল আদায়ের নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর নির্দেশের পর মহাসড়কে টোল আদায়ের প্রক্রিয়া শুরু করেছে সড়ক পরিবহন ও সেতু বিভাগের আওতাধীন সড়ক-মহাসড়ক বিভাগ। এরইমধ্যেই সড়ক বিভাগের প্রধান প্রকৌশলীকে এ বিষয়ে দায়িত্ব দেয়া হয়েছে।

সড়ক ও জনপথ অধিদফতরের আওতায় থাকা সড়কের পরিমাণ ২১ হাজার ৫৯৫ কিলোমিটারের মধ্যে তিন হাজার ৯০৬ কিলোমিটার জাতীয় মহাসড়ক। এরমধ্যে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-খুলনা ও ঢাকা-রংপুর—এই চার মহাসড়কে সরকার টোল আদায়ের প্রক্রিয়া শুরু করেছে। সড়ক রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজের এই টোলের টাকা ব্যবহৃত হবে। এই টাকা আলাদা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।

শুরুতে দেশে চার লেনের মহাসড়কে টোল আদায় করা হবে। পরবর্তী সময়ে ধাপে ধাপে ছয় লেন ও আট লেনের মহাসড়কে টোল বসবে। মহাসড়কগুলোর কোন কোন জায়গায়, কয় ধাপে, কী পরিমাণ টোল আদায় করা হবে, সে সব বিষয়ের কাজ চূড়ান্ত করার পর মাঠ-পর্যায়ের কাজে হাত দিতে চান সংশ্লিষ্টরা। এ ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতাও কাজে লাগাতে চায় সড়ক বিভাগ।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান