![]() |
| ফাইল ছবি |
স্টাফ রিপোর্টার: জামালপুরের বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে প্রাইভেট পড়ানোর নামে ছাত্রীদের জিম্মি করে কোচিং বাণিজ্যের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে অভিভাবকদের মধ্যে । তারা ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছিুক কয়েকজন অভিভাবক জানান, সরকারি উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্ম শিক্ষক নুর মোহাম্মদ সরকারি নীতিমালা অমান্য করে একই বিদ্যালয়ের ছাত্রীদের প্রাইভেট পড়ান। বিশেষ করে ষষ্ঠ শ্রেণির ছাত্রীদের নাম্বার কম দেওয়ার ভয় দেখিয়ে প্রাইভেটের নামে কোচিং করানো বাধ্য করছেন তিনি। শহরের সীমারপাড় এলাকায় টার্গেট কোচিং সেন্টারে প্রতিদিন শিক্ষার্থীদের কোচিং করতে বাধ্য করছেন এই শিক্ষক। তিনি ধর্ম শিক্ষক হলেও ষষ্ঠ শ্রেণির ছাত্রীদের একাই গণিত, ইংরেজী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ও ধর্ম বিষয়ে প্রাইভেট পড়ান।
শিক্ষা মন্ত্রণালয় গত ২৫ জানুয়ারি থেকে সকল কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা দিলেও সেই নির্দেশনা অমান্য করে এসএসসি পরীক্ষার সময়েও ছাত্রীদের জিম্মি করে প্রাইভেট পড়াচ্ছেন তিনি। এতে করে এলাকায় ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। ওই শিক্ষকের খুঁটির জোর কোথায় তা নিয়েও প্রশ্ন উঠছে।
একজন অভিভাবক জানান, তিনি ছাত্রীদের ক্লাস নেওয়ার সময় ছাত্রীদের বিভিন্নভাবে প্রাইভেট পড়তে উদ্বুদ্ধ করেন। যারা তার কাছে প্রাইভেট পড়বেন না তাদেরকে ফেল করানোর হুমকি দেন । তার প্রাইভেট বাণিজ্যের কারণে ছাত্রীরা তাত্তি¡কভাবে না বুঝে মুখস্ত বিদ্যায় আকৃষ্ঠ হচ্ছে। এতে করে মান সম্মত শিক্ষা অর্জনে পিছিয়ে পড়ছে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ।
তাই শিক্ষক নুর মোহাম্মদের প্রাইভেট বাণিজ্য বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন অভিভাবক ও সচেতন মহল।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।