
সেবা ডেস্ক: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বিকাল দুইটার দিকে এক হাজার ৪২৫ ইয়াবাসহ এক জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। আটক ইয়াবার মূল্য চার লাখ ২৭ হাজার টাকা। আটক ব্যক্তি হলেন- হেলাল উদ্দিন।
আটক হেলাল কক্সবাজার জেলার উখিয়া থানার আশার পাড়া গ্রামের আবুল কাশেমের পুত্র।
আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আলমগীর হোসেন জানান, সোমবার বিকেল দুইটার দিকে হেলাল উদ্দিন বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামী রাস্তার কাছে অপেক্ষাগার এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করছিলেন। এ সময় তার গতিবিধি সন্দেহজনক মনে দায়িত্বরত আর্মড পুলিশ সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। পরে হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়।
আসামিকে জিজ্ঞাসাবাদে তিনি তার পায়ুপথে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। উখিয়ার খালেদা তাকে এই ইয়াবা ঢাকায় পৌঁছানোর জন্য দেয় বলে জানিয়েছেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, খালেদার স্বামী আলমগীর ঢাকার মিরপুরের ১২ নম্বর সেকশন থেকে গ্রহণ করার কথা ছিলো বলে হেলাল জানান। বিনিময়ে তিনি ১৫ হাজার টাকা পেতেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।