
রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় প্রথম করোনা ভাইরাসে সংক্রমণের রোগী সনাক্ত করা হয়েছে। তিনি উপজেলার মথুরাপুর গ্রামের বাসিন্দা। তার বয়স ২২ বছর। আক্রান্ত রোগী নিজ বাড়িতে অবস্থান করছেন। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, আক্রান্ত যুবক গাজিপুর এলাকায় একটি পোশাক কারখানায় চাকরী করেন। তিনি ১৫ এপ্রিল গাজিপুর থেকে ট্রাকে চড়ে নিজ বাড়িতে ফিরেছেন। বাড়িতে ফেরর একদিন পর তার জ্বর, সর্দি-কাশি ও গলাব্যথা শুরু হয়। পরে গ্রামের লোকজন এ বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করেন।
এ অবস্থায় ২১ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনোলোজিষ্ট এনামুল হক ওই যুবকের বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে প্রেরন করেন। সেখানে মাইক্রোবায়লোজি বিভাগের আরটি-পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষা করা হয়। তার নমুনায় করোনা পজেটিভ এসেছে বলে স্বাস্থ্য বিভাগ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিশ্চিত করেছেন।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা জানান, নমুনা পরীক্ষার ফলাফল জানার পর রোগীর বাড়িসহ ২টি বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়াও আক্রান্ত ব্যক্তি কোন কোন স্থানে যাতায়াত করেছেন, কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। তথ্য পাওয়ার পর সতর্কতামূলক সকল ব্যবস্থা নেয়া হবে।
