
সেবা ডেস্ক: টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া হাট বাইপাস এলাকা থেকে ৮ গ্রাম হেরোইনসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২।
গতকাল বুধবার রাতে টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া হাট বাইপাস এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন তালুকদার টেলিকমের পাশে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে টাঙ্গাইল শহরের আকুর-টাকুর পাড়া এলাকার মৃত আ. রাজ্জাকের ছেলে আসাদুজ্জামান বাইতুল ওরফে সাদ্দাম এবং দেওলা এলাকার মৃত জাহিদ হোসেনের ছেলে মো. আমিনুল ইসলাম আমিনকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৮ গ্রাম হেরোইন, ২টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৭৮০ টাকা উদ্ধার করা হয়। আটককৃতরা জানায়, দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য হেরোইন অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও খুচরা ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী সরবরাহ করে।
র্যাবের কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত জানায়, অবৈধ মাদক ব্যবসা ও চোলাচালানসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম আভিযানিকসহ বিভিন্ন অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে এই ধরণের অপরাধ প্রতিরোধ ও দমন কার্যক্রম আরো জোরদার করা হবে।
