
রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় বিএনপি নেতা ও ইউপি সদস্য রফিকুল ইসলামের বিরুদ্ধে সাবেক স্বাস্থ্যমন্ত্রি ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোহাম্মদ নাসিমের মৃত্যুতে ব্যঙ্গোক্তির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন বাদী হয়ে ওই ইউপি সদস্যর বিরুদ্ধে থানায় এ অভিযোগ করেন।
অভিযোগে জানা গেছে, উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের কৈয়াগাড়ি গ্রামের রইচ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম। তিনি ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য ও পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। গত ১৩ জুন দুপুরের দিকে রাফিকুল ইসলাম তার লোকজন নিয়ে ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে একটি চাস্টলে বসে গল্প-গুজব করছিলেন।
এসময় উপস্থিত লোকজনের মাঝে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়ে নানা ধরণের ব্যঙ্গোক্তি করেন বিএনপি নেতা রফিকুল ইসলাম। এছাড়া নাসিমের মৃত্যুতে আনন্দ উল্লাসের এক পর্যায়ে তিনি লোকজনের মাঝে মিষ্টি বিতরণের প্রস্তুতি নেন। তখন এ বিষয়টির প্রতিবাদ করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে উত্তেজনার সৃষ্টি হলে কৌশলে ঘটনাস্থল ত্যাগ করেন রফিকুল ইসলাম।
পরবর্তীতে এ ঘটনাটি জানাজানি হওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এক পর্যায়ে উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন বাদী হয়ে ইউপি সদস্য রফিকুল ইসলামের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার পর থেকে বিএনপি নেতা ও ইউপি সদস্য রফিকুল ইসলাম পলাতক রয়েছেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রি ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে ব্যঙ্গোক্তির অভিযোগটি তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।