
সেবা ডেস্ক: বলিউড অভিনেতা রোহিত রায়। সম্প্রতি তিনি জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। আর সেই পোস্ট ঘিরেই শুরু হয়েছে নানান জল্পনা। এমনকী রোহিতকে অনেকেই বলছে এমন পরিস্থিতিতে এই পোস্ট না করলেও পারতেন তিনি।
অভিনেতা রোহিত রায় ‘মজা’ করেই পোস্ট করেছিলেন কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত নাকি করোনা পজেটিভ। আর সেই ‘মজা’-ই যে ব্যাকফায়ার হয়ে লাগবে তারই গায়ে, ধারণা করতে পারেননি অভিনেতা।
রোহিতের সেই পোস্টে লেখা ছিল, রজনীকান্ত করোনা পজেটিভ। করোনা নিজেই এখন কোয়রান্টিনে। অধিকাংশ সময়ে সুপারহিরোর ভূমিকায় অভিনয় করা রজনীকান্তকে যে করোনাও ভয় পায় তাই বোঝাতে চেয়েছিলেন রোহিত। ক্যাপশনে আবার করোনা সচেতনতা নিয়ে বার্তাও দিয়েছিলেন ফ্যানেদের। ভেবেছিলেন মজা হিসেবেই নেবেন অনুরাগীরা। কিন্তু ফল হল ঠিক তার উল্টো।

‘থালাইভা’ কে নিয়ে রোহিতের ওই পোস্টের পরে রাতারাতি শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। নেটাগরিকদের অধিকাংশই রোহিতের ‘সেন্স অব হিউমার’ ধরতে না পেরে ভেবে বসেন সত্যিই বুঝি করোনা আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা। আর যারা বুঝতে পারেন প্রকৃত অর্থ তারা চড়াও হন রোহিতের ওপর।
একজন লেখেন, খুবই খারাপ মজা এটা রোহিত। আমি তামিলনাড়ুতে থাকি। এখানে মানুষ রজনী স্যারকে দেবতা হিসবে পুজো করে। আমার বাড়ির রান্নার লোকের সঙ্গে আমি এক্ষুণি এইটা শেয়ার করতেই ওরা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলেন।
আর একজন লেখেন, কী আবোল তাবোল বলছেন? উনি একদম সুস্থ আছেন। ফ্যানেদের রাগ দেখে কমেন্ট বক্সেই রোহিত লেখেন, শান্ত হন। মজা মজাই হয়। এটা টিপিক্যাল ‘রজনি জোক’ ছাড়া আর কিছুই নয়। কেন আমি এই পোস্টটা করেছি, কী উদ্দেশ্য ছিল আমার সেটা দেখুন। আমাকে এ ভাবে অপমান করা বন্ধ করুন।
কিন্তু কে শোনে কার কথা? মানতেই পারছেন না রজনী ফ্যানেরা।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।