নেতাকর্মীদের তিনটি করে গাছ লাগানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

S M Ashraful Azom
0
নেতাকর্মীদের তিনটি করে গাছ লাগানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

সেবা ডেস্ক: আওয়ামী লীগসহ সকল সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের অন্তত তিনটি করে গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে দেশবাসীকেও তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

সোমবার (১৫ জুন) বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কৃষক লীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এ আহ্বান তিনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, বর্তমান কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র চন্দ, সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি।

নেতা-কর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, সারাদেশে আমাদের বৃক্ষরোপন করতে হবে। যেখানে যত নেতা-কর্মী আছে মূল দল আওয়ামী লীগের সঙ্গে সঙ্গে সকল সহযোগী সংগঠন প্রত্যেক সংগঠনের প্রতিটি সদস্য তিনটি করে গাছ লাগাবে। সেটা তার নিজের জায়গায় হোক অথবা নিজের জায়গা না পেলে আমি মনে করি যেখানেই হোক, রাস্তার পাশে হলেও গাছ লাগাতেই হবে। এখানে শুধু উদ্বোধন করলে হবে না, কে কয়টা গাছ লাগালো এবার সেটাও দেখতে চাই।

নেতা-কর্মী ছাড়াও দেশবাসীকে গাছ লাগানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকটা নেতা-কর্মী এবং দেশবাসীকে আজকের দিনে আহ্বান জানাচ্ছি- পহেলা আষাঢ় আসুন সকলে মিলে গাছ লাগাই। গাছ লাগিয়ে দেশের পরিবেশ রক্ষা করি। আবার নিজেরা লাভবান হই, কারণ গাছ বিক্রির টাকা আপনাদেরই সংসারে কাজে দেবে। আসুন মুজিববর্ষে আমরা সকলে মিলে বৃক্ষরোপন করে আমাদের দেশকে রক্ষা করি। দেশের পরিবেশ রক্ষা করি, আর মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি। বেশি করে ফলগাছ লাগানোর ওপর গুরুত্ব দিয়ে শেখ হাসিনা বলেন, ব্যাপকভাবে ফলের গাছ লাগানো। কারণ পুষ্টির যোগান ফল থেকে আসে।

উপকূলীয় অঞ্চলে সবুজ বেস্টনী গড়ার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, উপকূলীয় অঞ্চলগুলোতে সবুজ বেস্টনী গড়তে হবে। যেগুলো মাটি ধরে রাখে, যেমন আমাদের ঝাউ গাছ, খেঁজুর গাছ, তালগাছ এগুলো আমাদের বিভিন্নভাবে লাগানো দরকার। এই ব-দ্বীপটাকে (বাংলাদেশ) বাঁচাতে হলে বৃক্ষরোপনের বিকল্প নাই।

গাছের যত্ন নেয়ার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, শুধু গাছ লাগালেই হবে না, গাছ লাগানোর পর গাছের কিন্তু পরিচর্যা করতে হবে। গাছকে লালনপালন করতে হয়। নিজের সন্তানকে যেমন লালনপালন করতে হয়, একটা গাছ লাগালে তাকেও কিন্তু যতœ করতে হবে, লালনপালন করতে হবে। তাহলে তো সে ফল দেবে। আমি ফল খাবো কিন্তু যত্ন করবো না এটা তো হয় না। আমি মনে করি সবাই গাছের যত করবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী গণভবনে গাছের চারা রোপন করেন। অনুষ্ঠানে যারা বেশি গাছ লাগাবে, তাদের পুরস্কৃত করার কথা ঘোষণা করে কৃষকলীগ। এ সময় শেখ হাসিনা পুরস্কার দেয়ার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে কৃষক লীগের ফান্ডে অর্থ সহায়তা দেয়ার ঘোষণা দেন।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top