
ডা: জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় একটি বাড়িতে কাজ করার সময় নির্মানাধীন সেপটিক ট্যাংকের গর্তে পড়ে দু’জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন স্থানীয় যুবক সুজন ও বালাটারী গ্রামের রাজমিস্ত্রি আল আমিন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলার কাশিপুর ইউনিয়নের গঙ্গারহাট এলাকার প্রভাষক আব্দুল আউয়ালের বাড়ীতে আধা পাকা ঘরের কাজ চলছিল। ঘরের ভেতর নির্মানাধীন সেপটিক ট্যাংকের অন্তত ২০ ফিট গর্ত খুড়ে ট্যাংকটি ঢেকে রাখা ছিল কাঠ ও বস্তা দিয়ে। শুক্রবার রাজমিস্ত্রিরা কাজ করার সময় অসাবধানতাবশত সেপটিক ট্যাংকের গর্তে পরে যায় রাজমিস্ত্রী আল আমিন। অন্যান্য রাজমিস্ত্রিরা চিৎকার দিলে স্থানীয় যুবক আল আমিন তাকে উদ্ধারে গর্তে নামে পড়ে দুজনই অসুস্থ্য হয়ে পড়ে।
খবর পেয়ে নাগেশ্বরী উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে প্রায় আধা ঘন্টা অভিযান চালিয়ে উদ্ধার করে। এবং ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
আল আমিন অনন্তপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে এবং সুজন গঙ্গারহাট এলাকার সাহেব আলীর ছেলে।
নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. ইমন মিয়া জানান, খবর পেয়ে প্রায় আধা ঘন্টার অভিযানে দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাদের মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নবীউল হাসান জানান, দুজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তাদের পরিবারের লোকজন আসলে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।