উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বহুল আলোচিত ব্যবসায়ী জামাল হত্যা মামলার পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি জয়নাল ফকির (৭৫) কে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। হত্যা মামলার সাজাপ্রাপ্ত এই আসামি ২ (দুই) যুগ ধরে পলাতক ছিল। উপজেলার পূর্ব ভদ্রকোল গ্রামে তার ফুফাতো ভাই মুফিজ উদ্দীনের বাড়ীতে গত শুক্রবার রাতে গোপনে বেড়াতে এলে পুলিশ খবর পেয়ে জয়নালকে গ্রেপ্তার করে। সে উপজেলার সলপ স্যান্ডাল গ্রামের মৃত মুছা ফকিরের ছেলে।
উল্লাপাড়া মডেল থানার সহকারি উপ-পরিদর্শক হাবিবুর রহমান জানান, জয়নাল ফকির ১৯৯৭ সালে পারিবারিক গোলযোগের জের ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে তার নিজের ভাতিজা জামালকে ছুরিকাঘাতে হত্যা করে। এই হত্যাকান্ডের পর থেকেই সে পলাতক ছিল।
উল্লাপাড়ার কলেজপাড়ায় বসবাসরত বিশিষ্ঠ ব্যবসায়ী জামাল হত্যা মামলায় সিরাজগঞ্জ জেলা জজ আদালত ২০২০ সালে আসামি জয়নাল ফকিরের অনুপস্থিতিতে মামলার রায় প্রদান করেন। এই মামলায় আদালত তাকে মৃত্যুদন্ডে দন্ডিত করেন। এরপর থেকে পুলিশ তাকে খুঁজছিল। জামাল হত্যা মামলা দায়েরের পর থেকেই প্রধান আসামি জয়নাল ২৪ বছর প্রায় ২ যুগ ধরে পলাতক ছিল। পুলিশ শনিবার তাকে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠান।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।