
কাজিপুরে ডেঙ্গু রুখতে পরিচ্ছন্নতা অভিযানে নামলেন ইউএনও
সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গু রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশক নিধনে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। আজ শনিবার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে কাজিপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। অভিযানকালে ইউএনও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে উপজেলা পরিষদ চত্বর এবং এর আশপাশের এলাকাগুলো পরিষ্কার করেন। এছাড়া পরিষদ সংলগ্ন আবাসিক এলাকার পুকুর, ডোবা ও বিভিন্ন জলাশয়ের ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। এই মহতী উদ্যোগে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, কাজিপুর পৌরসভা এবং স্থানীয় রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এছাড়া বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরাও এই পরিচ্ছন্নতা কাজে সক্রিয়ভাবে সহায়তার হাত বাড়িয়ে দেন। পরিচ্ছন্নতা অভিযান শেষে ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই কার্যক্রম শুরু করা হয়েছে। বর্ষা মৌসুম পুরোদমে শুরু হওয়ার আগেই আমাদের ব্যক্তি পর্যায়ে সচেতন হতে হবে। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার জন্য সবার নিজ নিজ বাড়ির আঙিনা, ড্রেন ও আশপাশের জলাধার পরিষ্কার রাখার জন্য তিনি বিশেষ আহ্বান জানান। একই সঙ্গে উপজেলা প্রশাসনের ডাকে সাড়া দিয়ে যারা এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন, তাদের সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।