
জামালপুর জেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন
জামালপুর জেলা প্রেসক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৪ মার্চ) জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতারের আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ জলিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিজয়ী হয়ে সরকার গঠন করার পর দেশের মানুষের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। তিনি সবাইকে সাথে নিয়ে একটি বৈষম্যহীন, শোষণমুক্ত এবং ন্যায়বিচারভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান। সংসদ সদস্য আরও বলেন, এমন একটি রাষ্ট্র গঠন করতে হবে যেখানে কোনো অন্যায়, দুর্নীতি বা অনিয়ম থাকবে না এবং প্রতিটি নাগরিক স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার ভোগ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক এবং অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ। এছাড়াও জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাহফুজুর রহমান সোহান, সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুরের সভাপতি শামীমা খান, সুজন-সুশাসনের জন্য নাগরিক জামালপুর জেলা কমিটির সভাপতি অজয় কুমার পাল এবং প্রবীণ সাংবাদিক উৎপল কান্তি ধর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুকুল রানার সঞ্চালনায় এই ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলে এলাহী মাকাম।






খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।