সরিষাবাড়ীতে পুকুর থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় রাস্তার পাশের একটি পুকুর থেকে ওমর ফারুক (৩৫) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) সকালে উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওমর ফারুক টাঙ্গাইলের মধুপুর উপজেলার ধিরাটি গ্রামের হেমন্ত মারাকের ছেলে। তিনি কয়েক বছর আগে খ্রিস্টান ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে সেঙ্গুয়া গ্রামে রাস্তার পাশে একটি পুকুরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হলে তাৎক্ষণিকভাবে সরিষাবাড়ী থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে সকাল ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে ওই ভ্যানচালকের মরদেহটি উদ্ধার করে।
হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে—তা নিশ্চিত হতে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "খবর পেয়ে আমরা পুকুর থেকে ভ্যানচালকের মরদেহটি উদ্ধার করেছি। প্রাথমিকভাবে তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।