![]() |
| কাজিপুরে কলেজ পুনর্মিলনীতে গান গেয়ে দর্শক মাতালেন মনির খান ও ঐশী |
কাজিপুরে কলেজ পুনর্মিলনীতে গান গেয়ে দর্শক মাতালেন মনির খান ও ঐশী
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতডাঙ্গায় অবস্থিত আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের পুনর্মিলন উৎসবে গান গেয়ে দর্শক মাতালেন দেশের প্রখ্যাত সংগীতশিল্পী মনির খান ও বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী ঐশী। গত রবিবার (৩১ মে) রাতে কলেজটির ৩০টি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত জমকালো পুনর্মিলনী অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন তারা। প্রিয় তারকাদের সরাসরি গান শুনতে অনুষ্ঠানস্থলে ঢল নামে হাজারো দর্শকের, যারা গানের তালে তালে নেচে-গেয়ে আনন্দ উপভোগ করেন।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে প্রখ্যাত শিল্পী মনির খান তাঁর জনপ্রিয় গান ‘অঞ্জনা’ গেয়ে পরিবেশনা শুরু করেন। একের পর এক চিরসবুজ গান গেয়ে তিনি দর্শকদের স্মৃতিকাতর করে তোলেন। এরপর মঞ্চে আসেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় ফোক-রক কুইন ঐশী। তিনি তাঁর বিখ্যাত ‘দুষ্টু পোলাপাইন’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করে পুরো অনুষ্ঠানস্থল মাতিয়ে তোলেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে, আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অশীতিপর বৃদ্ধা বেগম শ্যামলী আফজালকে গানে গানে সম্মাননা ক্রেস্ট দিয়ে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
এর আগে, দিনব্যাপী উৎসবের শুরুতে সকাল ১১টায় কলেজ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশ নেন। র্যালি শেষে কলেজ প্রাঙ্গণে এক আলোচনা ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা। কলেজ পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুনর্মিলন উৎসবের আহ্বায়ক ও কলেজের অধ্যক্ষ মহসীন রেজা বিপ্লব।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন— কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান, পুনর্মিলন উৎসবের সদস্য সচিব ও বিশিষ্ট কথাসাহিত্যিক রিপন আহসান ঋতু, সাবেক ইউপি চেয়ারম্যান খসরু পারভেজ এবং বিভিন্ন ব্যাচের প্রতিনিধিগণ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান, আফজাল হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ ড. আব্দুস সাত্তার, কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ। উৎসবমুখর পরিবেশের এই পুরো অনুষ্ঠানটির সুনিপুণ পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন কলেজের অধ্যক্ষ মহসীন রেজা বিপ্লব এবং ওই কলেজের প্রাক্তন শিক্ষার্থী রিপন আহসান ঋতু।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।