রবিবার প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে সংগীতশিল্পী ঐশী ও স্মরণ পেয়েছেন জিপিএ-৫। রাজধানী ঢাকার ক্যামব্রিয়ান কলেজ থেকে স্মরণ এবং নোয়াখালী সরকারি কলেজ বিজ্ঞান বিভাগ থেকে ঐশী পাশ করেছেন। নিজেদের অর্জিত ফলাফল নিয়ে দুজনই বেশ উচ্ছ্বসিত।
স্মরণ বলেন, আমি অনেক বেশি খুশি। আমার এমন ফলাফলের জন্য মহান আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা আমার মা-বাবার প্রতিও। এ ছাড়াও আমার শিক্ষক, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবসহ সকলের কাছে, যাঁরা সব সময় আমার পাশে ছিলেন।
সিঙ্গাপুরের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিতে স্মরণ এখন সেখানে। তিনি জানালেন, পরীক্ষার ফল প্রকাশের দিনে আমি সিঙ্গাপুরের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গান গাইতে এসেছি। অন্য রকম এক আনন্দের মধ্য দিয়ে সময়টা কাটছে। এ আনন্দ বলে বোঝানো মুশকিল।
অপরদিকে ঐশী বললেন, তুলনামূলকভাবে সারা দেশে এবার পাশের হার কম। আমি কুমিল্লা বোর্ডের পরীক্ষার্থী ছিলাম। সবকিছু ভেবে, আমার ফলাফল নিয়ে আমি সন্তুষ্ট। পরীক্ষার আগ মুহূর্তেও আমাকে গানের অনুষ্ঠান নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয়েছে। এত কিছুর পর যে জিপিএ-৫ পেয়েছি এটা আমার জন্য অনেক বড় পাওয়া।

