দাম বেড়েছে পেঁয়াজ ও ডিমের

S M Ashraful Azom
হঠাত্ করেই অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবেই মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি আমদানিকৃত পেঁয়াজে ১০ থেকে ১৫ টাকা এবং দেশি পেঁয়াজে ৭ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে।
 
বুধবার রাজধানীর কাওরানবাজার ও নিউমার্কেটসহ কয়েকটি বাজারে সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রতি কেজি আমদানিকৃত পেঁয়াজ ৫৫ থেকে ৬৫ টাকা এবং দেশি পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা এক সপ্তাহ আগে যথাক্রমে ৪৫ থেকে ৫০ টাকা ও ৪৮ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়।
 
এ ছাড়া, এক মাস আগে আমদানিকৃত পেঁয়াজ ৩৫ থেকে ৪৫ টাকা ও দেশি পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হয়। সবমিলিয়ে মাত্র এক মাসের ব্যবধানে পেঁয়াজর দাম ৫০ থেকে ৬০ শতাংশেরও বেশি বেড়েছে।
 
দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলেছেন, আন্তজার্তিক বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। এছাড়া সারাদেশে বিভিন্ন জায়গায় টানা বৃষ্টিতে অনেক ক্ষেত নষ্ট হয়ে গেছে। এর প্রভাব পড়েছে পেঁয়াজের দামের উপর।
 
শ্যামবাজারের একজন পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী জানান, আমাদের দেশে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হয়ে থাকে। কিন্তু দেশটিতে বর্তমানে পেঁয়াজের রফতানি মূল্য বৃদ্ধি করে ২৫০ ডলার করা হয়েছে। যা আগে ছিল প্রতি টন ১৭৫ ডলার। ফলে দেশের বাজারেও পেঁয়াজের দাম বেড়েছে।
 
তবে বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বর্তমানে দেশের বাজারে যে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে তা আগের আমদানি করা। তাই দাম বাড়ার কারণ নেই। কেউ অযৌক্তিকভাবে দাম বাড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
 
উল্লেখ্য, দেশে প্রতি বছর পেঁয়াজের চাহিদা ২২ লাখ টন। এরমধ্যে স্থানীয়ভাবে উত্পাদিত হয় ১৫ থেকে ১৬ লাখ টন। বাকি পেঁয়াজ আমদানি করা হয়।
 
এ দিকে, পেঁয়াজের পাশাপাশি দাম বাড়ছে ডিমেরও। এক সপ্তাহের ব্যবধানে প্রতি হালি ডিমে দাম বেড়েছে ৫ থেকে ৬ টাকা। বুধবার খুচরা বাজারে প্রতি হালি ফার্মের ডিম ৩৫ থেকে ৩৬ টাকায় বিক্রি হয়। যা এক সপ্তাহ আগে ছিল ৩০ টাকা।
 
ডিম ব্যবসায়ীরা জানান, বাজারে সবজির দাম বেশী থাকায় ডিমের চাহিদা বেড়েছে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় বন্যা হওয়ায় অনেক খামারে পানি ঢুকে নষ্ট হয়ে গেছে। এছাড়া বৈরী আবহাওয়ার কারণে ডিমের উত্পাদন প্রায় ৩০ শতাংশ কমে গেছে। ফলে চাহিদার তুলনায় সরবরাহ কম। এর প্রভাব পড়েছে ডিমের দামের ওপর।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top