ইউক্রেনে মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমান এমএইচ১৭ বিধ্বস্ত হওয়ার স্থানে রুশ ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ পাওয়া গেছে বলে দাবি করেছেন নেদারল্যান্ডসের তদন্তকারীরা। খবর- বিবিসির।
তদন্তকারীদের দাবি, উদ্ধারকৃত অংশটি সম্ভবত রাশিয়ার তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য বাক ক্ষেপণাস্ত্রের। এর ফলে বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণের কূলকিনারা পাওয়া যাবে বলে আশাবাদী তদন্তকারীরা।
তবে ওই রুশ ক্ষেপণাস্ত্রের কারণেই বিমান বিধ্বস্ত হয়েছে এমন কোন প্রমাণ তারা হাজির করেননি।
গত বছর জুলাই মাসে ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ১৭ বিমানটি বিধ্বস্ত হয়। এই ঘটনায় বিমানটিতে থাকা ২৯৮ জনের সবাই নিহত হন।
ইউক্রেন সরকার ও বেশ কয়েকটি পশ্চিমা দেশ এর জন্য রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করে আসছে। তাদের অভিযোগ ইউক্রেনের বিদ্রোহীরা রাশিয়ার কাছ থেকে পাওয়া বাক ক্ষেপণাস্ত্র দিয়ে বিমানটি ভূপাতিত করে।
তবে এমন দাবি অস্বীকার করেছে বিদ্রোহীরা। রাশিয়াও বিদ্রোহীদের বাক ক্ষেপণাস্ত্র সরবরাহ করার অভিযোগ অস্বীকার করে আসছে। এই ঘটনার জন্য তারা উল্টো ইউক্রেনের সেনাবাহিনীকে দায়ী করেছে।

