লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন খালেদা জিয়া

S M Ashraful Azom
দুই সপ্তাহের জন্য ব্যক্তিগত সফরে লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার রাত সাড়ে নয়টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হন।
 
বিএনপি চেয়ারপারসনের এ সফরের মূল উদ্দেশ্য তার চোখ ও পায়ের চিকিত্সা এবং পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো। খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে চিকিত্সাধীন। তিনি সেখানে সপরিবারে বাস করেন। প্রয়াত পুত্র আরাফাত রহমান কোকোর বিধবা স্ত্রী শারমিলা রহমান সিঁথি ও কন্যারাও এ উপলক্ষে লন্ডন থাকবেন। পরিবারটি ঈদুল আজহাও একসঙ্গে উদযাপন করবেন।
 
ইতিমধ্যেই বেগম জিয়ার জন্য চিকিত্সকদের সঙ্গে এপয়েন্টমেন্ট করা হয়েছে। তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান নিজেই একজন চিকিত্সক এবং তিনিই তার শাশুড়ির চিকিত্সার বিষয়ে সমন্বয় ও দেখভাল করবেন।
 
বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল জানান, চিকিত্সা ও পারিবারিক ব্যস্ততার ফাঁকে দলের প্রবাসী নেতাকর্মীদের সঙ্গেও খালেদা জিয়ার কর্মসূচি হতে পারে। তিনি সফর শেষে আগামী ১ অক্টোবর দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
 
এদিকে, খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির দায়িত্ব পালন করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে। যুগ্ম-মহাসচিব মো. শাহজাহান সাংগঠনিক দায়িত্ব দেখভাল করবেন।
সূত্র আরও জানায়, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ১৮ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে সিঙ্গাপুরে আসবেন। সেখান থেকে তিনি ২২ সেপ্টেম্বর ঢাকায় আসবেন। তখন স্বাভাবিকভাবে তিনিই দলের দায়িত্ব পালন করবেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top